নিজস্ব প্রতিবেদক
ছবি: বিজিবি
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২ লাখ ৬১ হাজার ৮শ’ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও ইউনরক্স সিরাপ জব্দ করেছে। শনিবার বেনাপোল আইসিপি, আন্দুলিয়া ও হিজলী সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, বর্ডার গার্ড বাংলাদেশের একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়। এসময় চোরাকারবারিরা সীমান্ত পার করে মালামাল আনার চেষ্টা করলে বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে সেখান থেকে শাড়ি ও বিপুল পরিমাণ ইউনরক্স সিরাপ জব্দ করা হয়।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, মাদকদ্রব্য ও চোরাচালান রোধে বিজিবির বিশেষ পরিকল্পনার অংশ হিসেবে গোয়েন্দা তৎপরতা এবং আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে।
তিনি আরও উল্লেখ করেন, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবির এই কঠোর অবস্থান এবং অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।