নিজস্ব প্রতিবেদক
যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত প্রচারণা অব্যহত রেখেছেন ছবি: ধ্রুব নিউজ
যশোর: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত প্রচারণা অব্যহত রেখেছেন। সোমবার ইছালী ইউনিয়নে প্রয়াত নেতাকর্মীদের স্মরণ ও দোয়ার মধ্য দিয়ে তিনি তার পঞ্চম দিনের নির্বাচনী প্রচারণা সম্পন্ন করেন। অন্যদিকে, শহরের শংকরপুরে ধানের শীষের সমর্থনে অনুষ্ঠিত হয়েছে বিশাল গণসমাবেশ।
সোমবার সকালে হাশিমপুর বাজারে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময়ের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেন অনিন্দ্য ইসলাম অমিত। প্রচারণার শুরুতেই ইছালী ইউনিয়নের সর্বস্তরের মানুষের ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হন তিনি।
প্রচারণা চলাকালে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময় বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে নিহত বিএনপি নেতা শহীদ খলিলুর রহমান, শহীদ কোহিনূর রহমান এবং পুলিশের ধাওয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতলেবসহ প্রয়াত সকল নেতাকর্মীর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া শেষে অমিত দিনভর ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।

চাঁচড়ায় ধানেরশীষের সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম ধ্রুব নিউজ
এদিকে, ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতকে বিজয়ী করার লক্ষ্যে রোববার (২৫ জানুয়ারি) বিকেলে শহরের শংকরপুর সার গোডাউন মোড়ে এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চাঁচড়া কলোনী রেলস্টেশন এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী সাইফুজ্জামান মজু।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম। তিনি বলেন, দেশ ও গণতন্ত্র রক্ষার লড়াইয়ে ধানের শীষের কোনো বিকল্প নেই। আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে অনিন্দ্য ইসলাম অমিতকে জয়যুক্ত করে আমাদের হারানো অধিকার ফিরিয়ে আনতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা হাজী আনিসুর রহমান ও নগর বিএনপির যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম জহির। সমাবেশে আরও উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান বাবু, আবু জাফর, আবুল কাশেম কালু, অধ্যাপক ইবাদত খান, ইয়াসির আরাফাত এবং জেলা ছাত্রদলের সভাপতি কামরুজ্জামান বাপ্পি প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক।