ধ্রুব নিউজ ডেস্ক
বুধবার সকাল থেকে দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে ছবি: সংগৃহীত
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের আন্দোলন উত্তাল রূপ নিয়েছে। বুধবার সকালে সাভারের হেমায়েতপুর ও উলাইল এলাকায় শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাসের শেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট প্রয়োগ করে। সংঘর্ষের একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকেরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। সংঘর্ষে সাভার মডেল থানার ওসিসহ পুলিশ, শ্রমিক, সাংবাদিক ও পথচারী মিলিয়ে অন্তত ৫০ জন আহত হয়েছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী, পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার সকাল সোয়া আটটার দিকে হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় স্ট্যান্ডার্ড গ্রুপের সামনে এবং সকাল নয়টার দিকে উলাইল এলাকায় আল-মুসলিম গ্রুপের সামনে শ্রমিকেরা অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। শ্রমিকেরা মহাসড়কে নেমে এলে পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এতে উভয় পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আত্মরক্ষার্থে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড এবং রাবার বুলেট ছোঁড়ে। সংঘর্ষ চলাকালে উত্তেজিত শ্রমিকেরা পুলিশের একটি গাড়িতে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করেন।
সংঘর্ষে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলমসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য, আন্দোলনরত শ্রমিক, সংবাদকর্মী ও সাধারণ পথচারী আহত হন। আহতদের উদ্ধার করে নিকটস্থ চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঢাকা-আরিচা মহাসড়ক ৩ ঘণ্টা অচল
সংঘর্ষের পর সকাল ৯টা ১০ মিনিটের দিকে শ্রমিকেরা কয়েকটি দলে বিভক্ত হয়ে পদ্মার মোড় ও হেমায়েতপুর বাসস্ট্যান্ডসহ আশপাশের সড়ক অবরোধ করেন। এর ফলে ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং তীব্র দুর্ভোগে পড়েন হাজার হাজার যাত্রী। পরবর্তীতে বেলা ১১টার দিকে পুলিশ ও আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী ধাওয়া দিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিলে প্রায় তিন ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
শিল্পাঞ্চলে ২০ কারখানায় ছুটি, বিজিবি মোতায়েন
আন্দোলন ও চরম উত্তেজনার মুখে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সাভার ও আশুলিয়ার জামগড়া এলাকার ৭টিসহ মোট ২০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বন্ধ থাকা কারখানাগুলোও বুধবারে খোলা হয়নি। ছুটি ঘোষণার পর শ্রমিকেরা নিজ নিজ বাসায় ফিরে যান।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুরো সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলজুড়ে কঠোর নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে। টহল বাড়ানোর পাশাপাশি নিরাপত্তায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তিন প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।
সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জানান, শিল্পাঞ্চলের শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।
উল্লেখ্য, ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির একই দাবিতে আগের দিন মঙ্গলবার বিকেলেও শ্রমিকেরা হেমায়েতপুরে প্রায় দুই ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রেখেছিলেন।