নিজস্ব প্রতিবেদক
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকীতে আজ সকালে কারবালা সমাবেত হন সর্বস্তরের মানুষ। ছবি: ধ্রুব নিউজ
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকীতে আজ সকালে কারবালা সমাবেত হন সর্বস্তরের মানুষ। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রাণ পুরুষ এই নেতার রুহের মাগফেরাত কামনায় দোয়া করেন সবাই।
জেলা বিএনপির আয়োজনে কবর জিয়ারত করা হলেও এতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। কবর জিয়ারত শেষে জেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল ও কোরআনখানি অনুষ্ঠিত হয়।
কবর জিয়ারতে অংশ নেন তরিকুল ইসলামের সহধর্মিনী বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, তার সন্তান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শান্তনু ইসলাম সুমিত ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, যশোর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ।
এছাড়াও উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক, নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, নড়াইল পৌরসভার সাবেক মেয়র জুলফিকার আলি
আরও উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু, অ্যাড. মোহাম্মদ ইসহক, সাবেক সম্পাদক মণ্ডলীর সদস্য আব্দুস সালাম আজাদ, এ কে শরফুদ্দৌলা ছোটলু, জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা প্রমুখ।
দোয়া মাহফিল শেষে বিএনপির কার্যালয়ে জেলা ছাত্রদলের আয়োজনে শিক্ষা উপকরণ এবং জেলা মৎস্যজীবী দলের আয়োজনে মুসল্লিদের মাঝে জায়নামাজ, টুপি ও তসবিহ বিতরণ করা হয়। এছাড়া জেলা সদর থেকে শুরু করে সব উপজেলা, পৌরসভা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে তরিকুল ইসলামের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও গণভোজের কর্মসূচি পালিত হচ্ছে।