কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ছবি: ধ্রুব নিউজ
ঝিনাইদহের কোটচাঁদপুরে মেয়াদোত্তীর্ণ ও ভেজাল ওষুধ সংরক্ষণ, উৎপাদন ও বিক্রির অপরাধে দুটি ভেটেরিনারি ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার হাসপাতাল রোড ও সাফদারপুর বাজারে জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
অভিযান সূত্রে জানা যায়, হাসপাতাল রোডের ‘আরিয়ান ভেটেরিনারি ফার্মেসি’তে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সাফদারপুর বাজারের ‘রইচ ভেটেরিনারি ফার্মেসি’তে ভেজাল ওষুধ উৎপাদন ও বিক্রির দায়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঝিনাইদহের সহকারী পরিচালক নিশাত মেহেরের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সহযোগিতা করেন কোটচাঁদপুর উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. হাসান ফেরদৌস কমল এবং ঝিনাইদহ জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।