ধ্রুব ডেস্ক
শুক্রবার জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে পেশাজীবী থানা শাখা আয়োজিত 'বাছাইকৃত অগ্রসরকর্মী শিক্ষা শিবিরে' প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য ও যশোর জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল। ছবি: ধ্রুব নিউজ
কোনো অন্যায়, স্বৈরাচারী বা ফ্যাসিবাদী শক্তির কাছে মাথা নত না করে সত্য ও ইনসাফের ওপর টিকে থাকার আহ্বান জানিয়েছেন যশোর-৪ আসনের সংসদ সদস্য ও যশোর জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল। শুক্রবার জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে পেশাজীবী থানা শাখা আয়োজিত 'বাছাইকৃত অগ্রসরকর্মী শিক্ষা শিবিরে' প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক গোলাম রসুল হযরত ইব্রাহিম (আ.)-এর জীবনের উদাহরণ টেনে বলেন, "আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম (আ.)-কে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে উত্তীর্ণ করে মানবজাতির নেতা মনোনীত করেছিলেন। সংগ্রামের একপর্যায়ে তাঁকে আগুনে নিক্ষেপ করা হলেও তিনি কোনো স্বৈরাচারী বা সত্যবিরোধী শক্তির কাছে মাথা নত করেননি।
তিনি আরও বলেন, সমাজে ন্যায়বিচার ও দ্বীনের নীতি প্রতিষ্ঠার সংগ্রামে সব বাধা অতিক্রম করতে হবে। কেবল মুখে নিজেকে মুসলিম দাবি করলেই চলবে না, বরং আল্লাহর দ্বীন ও একত্ববাদের প্রতি পূর্ণ অনুগত থেকে যেকোনো সত্য প্রতিষ্ঠার লড়াইয়ে অবিচল থাকতে হবে।
অনুষ্ঠানে জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবু জাফর, সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস ও বেলাল হুসাইন, অফিস সেক্রেটারি নুরে আলা নুর মামুন, জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আরশাদুল ইসলাম, পেশাজীবী থানা শাখার সভাপতি খন্দকার রশিদুজ্জামান রতন এবং সেক্রেটারি আবু ফয়সালসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী প্রশিক্ষণ শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী কর্মীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।