নিজস্ব প্রতিবেদক
'অদম্য জুলাই-২০২৬' শিরোনামে র্যালি করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর শহর শাখা। ছবি: ধ্রুব নিউজ
‘ঐক্যের অঙ্গীকার, ইনসাফের বাংলাদেশ বিনির্মাণ’ এই প্রতিপাদ্য সামনে রেখে 'অদম্য জুলাই-২০২৬' শিরোনামে র্যালি করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর শহর শাখা।
আজ সকালে শহরের ঈদগাহ মোড় থেকে র্যালিটি শুরু হয়ে ভৈরব চত্বরে শেষ হয়। জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবি করা হয় র্যালি থেকে। র্যালিতে সংগঠনের শহর শাখার বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
র্যালি শেষে ভৈরব চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্কুল কলেজ কার্যক্রম বিষয়ক সম্পাদক ডা. জায়েদ আহমাদ, শহর সভাপতি উবাইদুল্লাহ হুসাইন, সেক্রেটারি খালিদ ইবনে খলিলসহ নেতৃবৃন্দ।
এ সময় অংশগ্রহণকারীরা জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠন, গণভোটের রায়কে শ্রদ্ধা জানানো, জুলাই সনদ দ্রুত কার্যকর করা এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করার পক্ষে বক্তব্য দেন।