❒ চৌগাছায় জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন
নিজস্ব প্রতিবেদক
জামায়াতে ইসলামী চৌগাছা উপজেলা শাখার উদ্যোগে রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক গোলাম রসুল এমপি। ছবি: ধ্রুব নিউজ
বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌগাছা উপজেলা শাখার উদ্যোগে রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল সাড়ে ৪টায় চৌগাছা কামিল মাদ্রাসার হলরুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
চৌগাছা উপজেলা শাখার আমির মাওলানা গোলাম মোরশেদের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মাওলানা নুরুজ্জামান আল মামুনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুল এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডা. মোসলেহ উদ্দীন ফরিদ এমপি।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক গোলাম রসুল বলেন, ইসলামী আন্দোলনের সফলতা অর্জনের জন্য আল্লাহভীতি, তাকওয়া, সাংগঠনিক শৃঙ্খলা এবং জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করতে হবে। রুকনরা সংগঠনের মূল শক্তি। তাদের আদর্শিক মান, দায়িত্বশীলতা ও ত্যাগের মাধ্যমেই সমাজে ন্যায়বিচার, মানবিক মূল্যবোধ এবং ইসলামের সুমহান আদর্শ প্রতিষ্ঠা সম্ভব।
বিশেষ অতিথি সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দীন ফরিদ বলেন, একজন রুকনের দায়িত্ব শুধু সংগঠনের কার্যক্রমে সীমাবদ্ধ নয়; বরং ব্যক্তি, পরিবার ও সমাজের প্রতিটি ক্ষেত্রে ইসলামের আদর্শ বাস্তবায়নে ভূমিকা রাখতে হবে। তিনি দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সম্মেলনে বক্তারা রোকনদের আদর্শিক মানোন্নয়ন, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, দাওয়াতি কার্যক্রম সম্প্রসারণ এবং মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় চৌগাছা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আসা রুকন এবং স্থানীয় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।