নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার পুলিশের সাথে ধ্বস্তাধস্তির মাঝে বিএনপি নেতা অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু। ছবি: ধ্রুব নিউজ
পূর্ব শত্রুতার জের ধরে এক পুলিশ সদস্যকে মারপিটের ঘটনায় শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টুসহ ৬ জনের বিরুদ্ধে শার্শা থানায় মামলা হয়েছে। ওই গ্রামের বাসিন্দা মশিয়ার রহমানের ছেলে ও আহত পুলিশ সদস্য মামুন হাসানের ভাই মেহেদী হাসান রয়েল বাদী হয়ে গত ৪ জুন এ মামলাটি দায়ের করেন।
মামলার অন্য আসামিরা হলো— বিএনপি নেতা মোস্তফা কামাল মিন্টুর ভাই লাল্টু ও পিন্টু, আব্দুস সালামের ছেলে সুজন হোসেন ও সবুজ হোসেন এবং মৃত আলাউদ্দিনের ছেলে টিটন হোসেন।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, আসামিদের সাথে বাদীপক্ষের পারিবারিকভাবে পূর্ব বিরোধ রয়েছে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সাত দিনের ছুটিতে গত ২৪ মে মামুন বাড়িতে আসেন। গত ২৯ মে বিকেল সাড়ে ৪টার দিকে নিজের মোটরসাইকেলে মামুন হাসান বাড়ি থেকে শার্শা বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে শ্যামলাগাছি গ্রামের হাবিবের চায়ের দোকানের সামনে পৌঁছানো মাত্র অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টুর হুকুমে অন্য আসামিরা মামুন হাসানের ওপর হামলা চালায়। এ সময় তাকে এলোপাতাড়ি মারপিট করা হয় এবং তার কাছে থাকা সাড়ে ৭ হাজার টাকা কেড়ে নেওয়া হয়। খবর পেয়ে ঘটনা ঠেকাতে এলে মামুন হাসানের ফুফা আব্দুল বারিককেও তারা মারপিট করে জখম করে।
পরে মামুন হাসানের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে শার্শা থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাদের দুজনকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। স্থানীয়দের অভিযোগ, মামলার প্রধান আসামি বিএনপি নেতা এবং আইনজীবী হওয়ায় কাউকে তোয়াক্কা করেন না। এর আগেও তিনি বিভিন্ন ব্যবসায়ীদের মারপিট ও হুমকি-ধামকি দিয়েছেন।