❒ বাঘারপাড়ায় ১৪৪ ধারা জারি
বাঘারপাড়া প্রতিনিধি
বোমা হামলার পর টিএস আইয়ুবের বাসভবনে পুলিশ, পাশে উদ্ধারকৃত বোমার আলামত ছবি: ধ্রুব নিউজ
যশোরের বাঘারপাড়ায় বিএনপির অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) দলীয় এক নেতার বিরুদ্ধে ঝাড়ু মিছিলের পর গভীর রাতে কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার টিএস আইয়ুবের বাসভবনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আজ মঙ্গলবার পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ভূপালী সরকার এক ফৌজদারি আদেশে আজ সকাল থেকে বাঘারপাড়া বাজারের স্বর্ণপট্টি, চৌরাস্তা, উপজেলা গেট ও তৎসংলগ্ন এলাকায় সকল প্রকার সভা-সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেছেন। বিকাল ৩:৩০ পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে বলে জানানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, আইনশৃঙ্খলার অবনতি রোধে এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
ঘটনার সূত্রপাত হয় গত সোমবার দুপুর ১২টায়। বাঘারপাড়া উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের ব্যানারে একটি বিশাল ঝাড়ু মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার হসপিটাল গেট থেকে শুরু হয়ে গোটা বাজার প্রদক্ষিণ করে।
বিক্ষোভকারীরা বিএনপি নেতা নূরে আলম সিদ্দিকী এবং সোহাগের বিরুদ্ধে দলীয় ষড়যন্ত্রের অভিযোগ এনে তাদের বহিষ্কারের দাবিতে জ্বালাময়ী স্লোগান দেন। এই ঝাড়ু মিছিলকে কেন্দ্র করেই মূলত বাঘারপাড়া বিএনপির অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্যে আসে এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ঝাড়ু মিছিলের রেশ কাটতে না কাটতেই সোমবার গভীর রাতে বাঘারপাড়া ব্রাক মোড় এলাকায় অবস্থিত কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ুবের বাসভবন লক্ষ্য করে দুর্বৃত্তরা বোমা হামলা চালায়। বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে পুরো এলাকায় আতঙ্ক দেখা দেয়। এতে বাসার কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বাঘারপাড়া থানার পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে ককটেলের আলামত সংগ্রহ করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত করতে অভিযান চলছে।
আজ সকাল থেকেই বাঘারপাড়া উপজেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বাজারের দোকানপাট আংশিক বন্ধ রয়েছে এবং মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে।