নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার বিকালে যশোরে জামায়াতে ইসলামীর জেলা কার্যালয়ে অনুষ্ঠিত জেলা কর্মপরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে দেন গোলাম রসুল এমপি ছবি: ধ্রুব নিউজ
দেশে ফ্যাসিস্টদের সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবিলায় দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর যশোর জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল। তিনি বলেন, মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কঠোর ভূমিকা পালন করতে হবে। সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই।
মঙ্গলবার বিকালে যশোরে জামায়াতে ইসলামীর জেলা কার্যালয়ে অনুষ্ঠিত জেলা কর্মপরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অধ্যাপক গোলাম রসুল বলেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সারাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে। বিশেষ করে গোপালগঞ্জ ও তার পার্শ্ববর্তী জেলাগুলোতে মানুষের জান-মালের ব্যাপক ক্ষতি করা হচ্ছে। খুন, জখম, অগ্নিসংযোগ ও লুটপাটের মতো সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে বাংলাদেশে পুনর্বাসিত হওয়ার কোনো সুযোগ নেই। এসব কর্মকাণ্ড শক্ত হাতে দমনে তিনি সরকারের প্রতি জোর দাবি জানান। একই সঙ্গে জামায়াতের নেতা-কর্মীদের মাঠে-ময়দানে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
বৈঠকে শেষে কর্মপরিষদ সদস্যদের মধ্যে বিভিন্ন বিভাগের দায়িত্ব বণ্টন করা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর বেলাল হোসাইন ও অধ্যক্ষ আবু জাফর সিদ্দীকী, জেলা সেক্রেটারি মোহাম্মদ গোলাম কুদ্দুস, সহকারী সেক্রেটারি মাওলানা রেজাউল করিম, অধ্যাপক শামসুজ্জামান, অধ্যাপক মনিরুল ইসলাম, নূর-ই-আলী নূর মামুন, কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুল আজিজ, মাস্টার রেজাউল করিম, অধ্যাপক শাহাবুদ্দীন বিশ্বাস, অ্যাডভোকেট গাজী এনামুল হক এমপি, অধ্যাপক আবুল হাশিম রেজা, অধ্যাপক জয়নাল আবেদীন, অধ্যাপক মুনির আক্তার, মাওলানা আব্দুস সমাদ, আব্দুল্লাহ আল মামুন, অধ্যাপক মোক্তার আলী এমপি, খন্দকার রশিদুজ্জামান রতন, অধ্যাপক নজরুল ইসলাম হান্নান ও মাওলানা গোলাম মোরশেদ প্রমুখ।