Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

খুলনায় পুলিশের আশ্বাসে খুললো রেস্টুরেন্ট, এরপরই গুলি

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ২৪ নভেম্বর,২০২৬, ০৯:১৩ পিএম
খুলনায় পুলিশের আশ্বাসে খুললো রেস্টুরেন্ট, এরপরই গুলি

ছবি: সংগৃহীত

চাঁদা না দিলে হত্যার হুমকির পর খুলনা নগরীর মজিদ স্মরণী এলাকার পালংকি রেস্টুরেন্টে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বিকেল ৩টা ১১ মিনিটে এ ঘটনা ঘটে। এর আগে একই দিন নগরীর লবণচরা ও সদর থানা এলাকায় আরও দুটি গুলির ঘটনা ঘটেছে। এক দিনে তিনটি গুলির ঘটনায় নগরজুড়ে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে।

পালংকি রেস্টুরেন্টে চাঁদা দাবির হুমকির পর সোমবার রাতে সেটি বন্ধ করে দেন মালিকপক্ষ। মঙ্গলবার দুপুর ১২টার দিকে পুলিশ নিরাপত্তার আশ্বাস দিলে রেস্টুরেন্টটি আবার চালু করা হয়। তবে বিকেলে গুলির ঘটনার পর আবারও সেটি বন্ধ করে দেওয়া হয়।

নাম প্রকাশ না করার শর্তে রেস্টুরেন্টটির দুই কর্মচারী জানান, নির্মাণকাজ শুরুর পর থেকেই হানাজালা পরিচয়ে এক ব্যক্তি ফোন করে চাঁদা দাবি করে আসছিলেন। মালিকপক্ষ রাজনৈতিকভাবে বিষয়টি মীমাংসা করেছিল। তবে গত সোমবার রাতে দুর্বৃত্তরা আবারও ফোন করে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। টাকা না দিলে হত্যার হুমকিও দেওয়া হয়। এতে আতঙ্কিত হয়ে রাতে রেস্টুরেন্ট বন্ধ করে দেন মালিকপক্ষ। মঙ্গলবার সকালে সেটি খোলা হয়নি।

বিষয়টি জানতে পেরে দুপুর ১২টার দিকে সোনাডাঙ্গা থানা পুলিশ রেস্টুরেন্টে গিয়ে নিরাপত্তার আশ্বাস দেয়। আশপাশে একটি টহল গাড়িও মোতায়েন করা হয়। বিকেল ৩টার দিকে পুলিশ সদস্যরা সেখানে খাবার খেতে গেলে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি রেস্টুরেন্ট লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে অভিযান শুরু হয়েছে। দ্রুত তাদের গ্রেপ্তার করা হবে।

এদিকে মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নগরীর লবণচরা থানার মোহাম্মদীয়া পাড়ার ৪ নম্বর গলিতে পরিবহন ব্যবসায়ী মো. টুটুলের বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এতে বাড়ির একটি কক্ষের জানালার কাচ ভেঙে যায়। তবে কেউ হতাহত হননি।

এ বিষয়ে টুটুল কথা বলতে চাননি। তার এক স্বজন জানান, কয়েক দিন আগে টুটুলের হোয়াটসঅ্যাপে নুরাজিম বাহিনীর ছবি পাঠিয়ে চাঁদা দাবি করা হয়েছিল। তিনি বিষয়টিকে গুরুত্ব দেননি। মঙ্গলবার দুর্বৃত্তরা তার শোবার ঘরের জানালা লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি ঘরের ভেতরে প্রবেশ না করলেও জানালার কাচ ভেঙে যায়।

লবণচরা থানার ওসি মোশাররফ হোসেন বলেন, ঘটনাস্থলের আশপাশে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না। কেউ ঘটনাটি দেখেছেন বলেও জানা যায়নি। এ কারণে কারা বা কতজন এ ঘটনায় জড়িত, তা নিশ্চিত হওয়া যায়নি। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান শুরু হবে।

এর আগে মঙ্গলবার সকালে নগরীর সদর থানা এলাকার ২২ নম্বর ওয়ার্ডের বেলায়েত হোসেন সড়কে মাছ ব্যবসায়ী মোস্তফাকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ পাওয়া গেছে। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি রক্ষা পান। 

সদর থানার ওসি লোকমান হোসেন বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

প্রসঙ্গত, গত সাড়ে ১০ মাসে খুলনায় ৩৯টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। গুলিতে আহত হয়েছেন প্রায় অর্ধশত মানুষ। এ ছাড়া চাঁদা দাবিকে কেন্দ্র করে পাঁচটি প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

সূত্র : সমকাল

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)