কোটচাঁদপুর প্রতিনিধি
মোঃ আজিজুর রহমান মাস্টার ছবি: ধ্রুব নিউজ
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা জামায়াতে ইসলামীর ২০২৭–২০২৮ সেশনের আমীর নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ, প্রবীণ রাজনীতিবিদ ও সমাজসেবক মোঃ আজিজুর রহমান মাস্টার। এর আগে ২০১৪ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত টানা এক দশক তিনি উপজেলা জামায়াতের আমীর হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ রাজনৈতিক প্রতিকূলতা, নানা চ্যালেঞ্জ ও সাংগঠনিক সংকটের সময় নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা নিয়ে তাঁর পুনরায় দায়িত্ব গ্রহণ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
শিক্ষকতার মহান পেশায় নিয়োজিত থাকার পাশাপাশি দীর্ঘদিন ধরে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন আজিজুর রহমান মাস্টার। তাঁর দীর্ঘ সাংগঠনিক অভিজ্ঞতা, নেতৃত্বের দক্ষতা ও রাজনৈতিক প্রজ্ঞাকে নতুন দায়িত্বে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।
বিশেষ করে ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের শাসনামলে রাজনৈতিক প্রতিকূলতার মধ্য দিয়ে সংগঠনের দায়িত্ব পালনের অভিজ্ঞতা তাঁর নেতৃত্বের অন্যতম আলোচিত অধ্যায়। ওই সময়ের নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় তাঁর ভূমিকার কথা স্মরণ করছেন স্থানীয় নেতাকর্মীরা।
তাঁর পুনর্নির্বাচনের খবরে কোটচাঁদপুর উপজেলা জামায়াতের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দ-উদ্দীপনা দেখা দিয়েছে। অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মোঃ মতিয়ার রহমান, ঝিনাইদহ জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আউয়াল, জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই, কোটচাঁদপুর উপজেলার সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ও পৌর দায়িত্বশীলা মোছাঃ নাজমা খাতুন, থানা মহিলা সেক্রেটারি শিরিনা খাতুন, জেলা শুরা সদস্য ও মেয়র প্রার্থী অধ্যাপক শরিফুল ইসলাম, জেলা শুরা সদস্য মোঃ মশিয়ার রহমান এবং জননেতা মোঃ মুয়াবিয়া হুসাইনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ ছাড়া কোটচাঁদপুরের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারাও তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
কোটচাঁদপুর উপজেলার কুশনা গ্রামের কৃতী সন্তান আজিজুর রহমান মাস্টারের পুনরায় আমীর নির্বাচিত হওয়ার খবরে নিজ গ্রাম, ইউনিয়নসহ সামাজিক যোগাযোগমাধ্যমেও অভিনন্দন ও প্রশংসার বার্তা ছড়িয়ে পড়েছে। বিশিষ্ট সমাজসেবক বাবর আলীর স্নেহধন্য হিসেবে পরিচিত আজিজুর রহমান ছোটবেলা থেকেই ভদ্র, অমায়িক ও মার্জিত স্বভাবের মানুষ হিসেবে এলাকায় পরিচিত। শিক্ষকতা, সামাজিক কর্মকাণ্ড ও রাজনৈতিক সম্পৃক্ততার মধ্য দিয়ে তিনি স্থানীয় পর্যায়ে পরিচিতি অর্জন করেছেন।
স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রত্যাশা, তাঁর অভিজ্ঞ ও প্রজ্ঞাপূর্ণ নেতৃত্বে কোটচাঁদপুর উপজেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত হবে। পাশাপাশি শিক্ষা, সামাজিক উন্নয়ন, মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সংগঠনটি আরও সক্রিয় ভূমিকা রাখবে।
দীর্ঘ এক দশকের নেতৃত্বের অভিজ্ঞতা শেষে নতুন মেয়াদে দায়িত্ব গ্রহণ—আজিজুর রহমান মাস্টারের সামনে এখন সংগঠনকে আরও গতিশীল, ঐক্যবদ্ধ ও জনমুখী করার নতুন প্রত্যাশা। কোটচাঁদপুরবাসীর প্রত্যাশা, তাঁর নতুন নেতৃত্বে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ইতিবাচক কর্মকাণ্ডের পরিধি আরও বিস্তৃত হবে।