ধ্রুব ডেস্ক
ছবি: প্রতীকী
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে আগামী ৭ ফেব্রুয়ারি দেশের উত্তরাঞ্চলের ৩টি জেলা সফর করবেন। জেলাগুলো হলো দিনাজপুর, ঠাকুরগাঁও ও নীলফামারী।
বিএনপি সূত্রে জানা যায়, এবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী সফর সড়ক পথে নয়, তিনি হেলিকপ্টার যোগে দিনাজপুরসহ রংপুর বিভাগের ৩টি জেলায় নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন।
দিনের শুরুতে সকাল ১০টায় বিমান যোগে সৈয়দপুর যাবেন। সেখান থেকে সকাল ১১টায় হেলিকপ্টার যোগে ঠাকুরগাঁও জেলার উদ্দেশ্যে যাত্রা করবেন। এরপর তিনি সকাল ১১.৩০ টায় ঠাকুরগাঁও জেলা হাইস্কুল মাঠে ঠাকুরগাঁও-১ (সদর) আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান।
পরে দুপুর ১ টায় ঠাকুরগাঁও থেকে হেলিকপ্টার যোগে নিলফামরীর জেলার উদ্দেশ্যে যাত্রা রওয়ানা হয়ে দুপুর ১.২০টায় নিলফামারী জেলার পৌরসভার বড় মাঠে জনসভায় যোগ দেবেন। নীলফামারী-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শাহরিন ইসলাম তুহিন।
সর্বশেষ তিনি দিনাজপুর-৬ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনের নির্বাচনি এলাকা সফর করবেন। সেখানে ২.২০ মিনিটে জেলার বিরামপুর সরকারি কলেজ মাঠে জনসভায় বক্তব্য রাখবেন তিনি।
এর আগে ডা. জাহিদ হোসেন বলেছিলেন, দিনাজপুরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সফল করতে জেলা বিএনপির নেতা-কর্মীদের সাথে বৈঠক করেছি। সেই সাথে আমরা প্রস্তুতি কার্যক্রম শুরু করে দিয়েছি।
তিনি জানান, ওই দিন তারেক রহমানের প্রয়াত নানা ইস্কান্দার মজুমদার, নানি তৈয়বা মজুমদার ও খালা সাবেক মন্ত্রী খুরশীদ জাহান হকের কবর জিয়ারত করার কথা রয়েছে।