নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নে ব্যাপক নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করছেন বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত। ছবি: ধ্রুব নিউজ
যশোর: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করছেন বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী বাজার এলাকা থেকে শুরু করেন।
যশোর-৩ (সদর) আসনের ধানের শীষ প্রতীকের এই প্রার্থী ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে সরাসরি মতবিনিময় করেন এবং কুশল বিনিময় করেন। এ সময় তিনি সাধারণ মানুষের কাছে দোয়া চান এবং আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহ্বান জানান।
গণসংযোগকালে বিভিন্ন পথসভায় অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আমি যেদিকেই যাই, সেদিকেই আমার পিতার (তরিকুল ইসলাম) উন্নয়নের অবদান দেখতে পাই। সেই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা এবং যশোর সদরকে আধুনিক ও গতিশীল করতে আপনারা আমাকে সুযোগ দিন।
নারীদের ক্ষমতায়ন ও অর্থনৈতিক নিরাপত্তার ওপর জোর দিয়ে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি নারীকে একটি করে ‘ফ্যামিলি কার্ড’ প্রদান করা হবে। এই কার্ডের মাধ্যমে নারীরা মাসিক আর্থিক সহায়তার পাশাপাশি স্বাস্থ্যসেবা ও শিক্ষা সহায়তার সুবিধা পাবেন। এতে নিম্নআয়ের পরিবারগুলো তাদের সন্তানদের লেখাপড়ার ব্যয় অনায়াসেই মেটাতে পারবে।
কৃষিনির্ভর যশোরের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, কৃষকরা দীর্ঘদিন ধরে অবহেলার শিকার। প্রাকৃতিক দুর্যোগে তারা নিঃস্ব হয়ে পড়েন। বিএনপি সরকার গঠন করলে কৃষকদের জন্য বিশেষ ‘কৃষি কার্ড’ চালু করা হবে। এর মাধ্যমে সার-বীজ সংগ্রহ সহজ হবে এবং ফসলের ক্ষতি হলে দ্রুত সরকারি ক্ষতিপূরণ নিশ্চিত করা হবে।
প্রচারণায় উপস্থিত ছিলেন লেবুতলা ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলাম হ্যাপি, সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন, সহ-সভাপতি শহিদুল ইসলাম, যুবদল সভাপতি মামুন ইসলাম, মেহেদী হাসান, ইকবাল হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।