Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

❒ রাজধানীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

‘এক শর্তে’ আ.লীগের বিরুদ্ধে লড়াইয়ে নামবে জামায়াত

ধ্রুব নিউজ ডেস্ক ধ্রুব নিউজ ডেস্ক
প্রকাশ : শনিবার, ২১ নভেম্বর,২০২৬, ০৫:৫৫ পিএম
‘এক শর্তে’ আ.লীগের বিরুদ্ধে লড়াইয়ে নামবে জামায়াত

বায়তুল মোকাররমের উত্তর গেটে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ছবি: সংগৃহীত

দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা, অগ্নিসংযোগ ও লুটপাট রোধে সরকারের ব্যর্থতার প্রতিবাদে রাজধানীতে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (২১ নভেম্বর) দুপুরে ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের যৌথ উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে জামায়াত নেতারা ঘোষণা দিয়েছেন, সরকার যদি ৭০ শতাংশ মানুষের গণভোটের রায় মেনে নিয়ে ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন করে, তবেই দলটি জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে মাঠে থাকবে এবং সরকারকে পূর্ণ সহযোগিতা করবে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোটের জনরায়ের সামনে সংসদীয় সংখ্যাগরিষ্ঠতার কোনো মূল্য নেই। দেশের ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়ে সংবিধান সংস্কারের পক্ষে রায় দিয়েছে। টেকসই আইনের জন্য সংসদে সরকারি ও বিরোধী দলের সমন্বয়ে বিল পাসের মাধ্যমে এই গণরায় বাস্তবায়ন করতে হবে। তিনি একদলীয় সংবিধান সংশোধন বিশেষ কমিটির কার্যক্রম স্থগিত করে অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠনের আহ্বান জানান।

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির তীব্র সমালোচনা করে মিয়া গোলাম পরওয়ার বলেন, সন্ত্রাসীদের ভয়ে পুলিশের থানা ছেড়ে পালিয়ে যাওয়ার নজির তৈরি হয়েছে। যে স্বরাষ্ট্রমন্ত্রী একটি জেলার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেন না এবং নিজ দলের এমপি-মন্ত্রীদের বাড়িঘরে অগ্নিসংযোগ ঠেকাতে ব্যর্থ হন, তাকে মন্ত্রিসভায় রাখা উচিত কি না তা প্রধানমন্ত্রীর ভেবে দেখা জরুরি। পাশাপাশি বিএনপি নেতাদের বাসা থেকে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের গ্রেপ্তারের ঘটনা সরকারের জন্য অশনিসংকেত বলে উল্লেখ করেন তিনি। তবে এখনই সরকারের পদত্যাগ দাবি না করে, ভুল পথ ছেড়ে সঠিক সিদ্ধান্তে দেশ পরিচালনার আহ্বান জানান জামায়াতের এই শীর্ষ নেতা। এছাড়া সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ১৯৭১ সাল থেকে দেশের প্রতিটি সংকটে জনগণের পাশে থাকার জন্য তিনি সেনাবাহিনীকে আন্তরিক শুভেচ্ছা জানান।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান অভিযোগ করেন, ২০২৪ সালের ৫ আগস্ট পালিয়ে যাওয়া অপশক্তির সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। এমপি-মন্ত্রীদের বাড়িতে আগুন দেওয়ার পরও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক বলে দাবি করছেন। ভারতে সাত বছরের প্রশিক্ষণ নিয়ে আসা ব্যক্তিকে স্বরাষ্ট্রমন্ত্রী করে বিএনপি সরকার নিজেদের পতন ডেকে আনছে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় তিনি নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদের উদ্দেশে বলেন, পুরো রাষ্ট্রযন্ত্র হাতে থাকা অবস্থায় যিনি পালিয়ে গেছেন, শূন্য হাতে তার দেশে ফেরার স্বপ্ন কেবলই দিবাভ্রম।

অপর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন না করায় জাতীয় ঐক্যে ফাটল ধরেছে। নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাস প্রতিহত করতে হলে গণরায় মেনে অবিলম্বে এই সনদ কার্যকর করতে হবে।

ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন সরকারের উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, অতীতে আন্দোলনের সময় কোনো এমপি-মন্ত্রীর বাড়ি বা গাড়িতে হামলা হয়নি, অথচ বর্তমান সরকার নিজেদের মন্ত্রী-এমপিদেরই নিরাপত্তা দিতে পারছে না। তারা সাধারণ জনগণকে কীভাবে রক্ষা করবে? অন্যদিকে, মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে যৌথ ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে বিএনপি ভেবেছিল আওয়ামী লীগ তাদের শান্তিতে দেশ চালাতে দেবে; কিন্তু গোপালগঞ্জের নৈরাজ্যের মাধ্যমে সেই ‘কালসাপ’ এখন বিএনপিকেই ছোবল মারতে শুরু করেছে।

সমাবেশে ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, নির্বাচনে জামায়াতকে ঠেকাতে বিএনপি নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যে সমঝোতা করেছিল, তার খেসারত হিসেবেই আজ তারা সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না। জুলাই সনদ বাস্তবায়ন না হলে সামনে সরকারের জন্য আরও ভয়াবহ দিন অপেক্ষা করছে বলে তিনি সতর্ক করেন।

সভাপতির বক্তব্যে সংসদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, বিদেশে বসে নিষিদ্ধ আওয়ামী লীগ দেশে অরাজকতা সৃষ্টি করছে, অথচ সরকার আইনি ব্যবস্থা নিতে ব্যর্থ। প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে গোপন মাখামাখি বন্ধ না করলে এবং গণভোটের রায় উপেক্ষা করলে এই সরকার সফল হতে পারবে না বলে তিনি মন্তব্য করেন।

ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম ও দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেনের যৌথ সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, মোবারক হোসেন, মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক ও মাওলানা ইয়াছিন আরাফাতসহ মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে বায়তুল মোকাররম উত্তর গেট থেকে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পল্টন মোড় ও বিজয়নগর সড়ক প্রদক্ষিণ করে কাকরাইল মোড়ে গিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)