কোটচাঁদপুর প্রতিনিধি
ছবি: ধ্রুব নিউজ
ঝিনাইদহের কোটচাঁদপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ২০২৭-২০২৮ সেশনের জন্য ঝিনাইদহ জেলা শুরা সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৩ নভেম্বর) কোটচাঁদপুরের আল ফালাহ ইসলামি সেন্টারে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন। বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা জামায়াতের নবনির্বাচিত জেলা আমির অধ্যাপক আব্দুল আউয়াল।
সম্মেলনে সভাপতিত্ব করেন কোটচাঁদপুর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির আজিজুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি শাহাবুদ্দিন খান, নায়েবে আমির মোয়াবিয়া হোসেন, সাবেক উপজেলা সেক্রেটারি সহকারী অধ্যাপক মুহা. শরিফুল ইসলাম, পৌর জামায়াতের আমির মুহাদ্দিস আব্দুল কাইয়ুম পৌর সেক্রেটারি মাহফুজুল হক মিন্টু সহ উপজেলা ও পৌর জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও রুকনরা।
প্রধান অতিথির বক্তব্যে মোবারক হোসাইন বলেন, “সাংগঠনিক ভিত্তি মজবুত করতে হলে রুকনদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে আদর্শ, নৈতিকতা, শৃঙ্খলা ও পারস্পরিক ঐক্যের ভিত্তিতে সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে হবে। মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি সমাজে ন্যায়বিচার ও ইনসাফ প্রতিষ্ঠায় প্রত্যেক দায়িত্বশীলকে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে ভূমিকা রাখতে হবে।”
তিনি আরও বলেন, “একটি আদর্শভিত্তিক সংগঠন গড়ে তুলতে দায়িত্বশীলদের জবাবদিহি, আমানতদারি ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা জরুরি। রুকনদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল করতে হবে।”
বিশেষ অতিথি অধ্যাপক আব্দুল আউয়াল তাঁর বক্তব্যে সাংগঠনিক ঐক্য, দায়িত্বশীলতা ও আগামী দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে রুকনদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
সম্মেলনের একপর্যায়ে ২০২৭-২০২৮ সেশনের জন্য ঝিনাইদহ জেলা শুরা সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও রুকনরা উপস্থিত ছিলেন।
সম্মেলনটি সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা, দায়িত্বশীলদের মধ্যে পারস্পরিক মতবিনিময় এবং আগামী দিনের কর্মপরিকল্পনা গ্রহণের মধ্য দিয়ে শেষ হয়।