নিজস্ব প্রতিবেদক
ছবি: ধ্রুব নিউজ
যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়নে স্থায়ী ভূমি অফিস স্থাপনের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার বিকেলে রায়পুর ইউনিয়ন পরিষদের সামনে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের বিভিন্ন গ্রামের শত শত মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, স্বাধীনতার ৫৫ বছর পার হলেও প্রায় ২৫ হাজার মানুষের বসবাস রায়পুর ইউনিয়নে এখনো স্থায়ী ভূমি অফিস নির্মিত হয়নি। অথচ ভূমি অফিসের জন্য জমি অধিগ্রহণ করা থাকলেও সেখানে কোনো অবকাঠামো গড়ে তোলা হয়নি।
তারা বলেন, ইউনিয়নের ২২ গ্রামের মানুষকে ভূমিসেবা নিতে প্রায় ১০ কিলোমিটার দূরে পার্শ্ববর্তী নারিকেলবাড়িয়া ইউনিয়নে যেতে হয়। জমির নামজারি, ভুল সংশোধন, পর্চা উত্তোলন ও খাজনা পরিশোধসহ বিভিন্ন কাজে সেখানে গিয়ে ভোগান্তিতে পড়তে হয়। অনেক ক্ষেত্রে একদিনে কাজ শেষ না হওয়ায় বারবার যাতায়াত করতে হয়। এতে সাধারণ মানুষের সময় ও অর্থের অপচয় হচ্ছে।
বক্তারা আরও বলেন, জনবহুল রায়পুর ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে দ্রুত স্থায়ী ভূমি অফিস নির্মাণ করা প্রয়োজন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেন তারা। অন্যথায় দাবি আদায়ে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন।
মানববন্ধনে বক্তব্য দেন সমাজসেবক নাজমুস সাকিব সবুজ, মাওলানা গোলাম ইয়াহিয়া, মাওলানা আমিনুর রহমান, অধ্যক্ষ মাওলানা ইখলাচ উদ্দিন, মাস্টার আইয়ুব হোসেন, মাস্টার শামসুর রহমান, বাবুল আক্তার, মাওলানা মঈনুদ্দিন, জাহাঙ্গীর হোসেন ও আক্তারুল ইসলাম। কর্মসূচি সঞ্চালনা করেন জাহাঙ্গীর হোসেন টুকু।
এ সময় ইউনিয়নের বিভিন্ন গ্রামের নানা শ্রেণি-পেশার বিভিন্ন বয়সী শত শত মানুষ অংশ নেন। তাদের হাতে ‘রায়পুরে ভূমি অফিস চাই’ লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করা হয় ।