নিজস্ব প্রতিবেদক
শনিবার ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে একযোগে ‘আইবিএএস’ (iBAS++)-এর মাধ্যমে দেশের অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অ্যাকাউন্টে সরাসরি এ অর্থ প্রদান করেন প্রধানমন্ত্রী ছবি: ধ্রুব নিউজ
প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ উদ্যোগে যশোরের ২ হাজার ৭৯১ জন অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারী তাদের কল্যাণ ও অবসর তহবিলের পাওনা অর্থ পেয়েছেন। শনিবার ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে একযোগে ‘আইবিএএস’ (iBAS++)-এর মাধ্যমে দেশের অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অ্যাকাউন্টে সরাসরি এ অর্থ প্রদান করা হয়।
যশোরে কল্যাণ এবং অবসর দুটি তহবিল থেকে ২ হাজার ৭৯১ জন শিক্ষকের জন্য মোট ৮৭ কোটি ৮ লাখ ৭৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে কল্যাণ তহবিল থেকে ১ হাজার ৮২৫ জন শিক্ষক-কর্মচারীকে ৪৩ কোটি ৬১ লাখ ৭৫ হাজার টাকা এবং অবসর সুবিধা বোর্ড থেকে ৯৬৬ জনকে ৪৩ কোটি ৮৯ লাখ টাকা প্রদান করা হয়।
এ উপলক্ষে যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে ভার্চ্যুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আয়োজনে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ এবং যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান।
প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “জাতি গঠনে মুখ্য ভূমিকা রাখা শিক্ষক-কর্মচারীরা দীর্ঘদিন ধরে বঞ্চনা এবং বৈষম্যের শিকার হয়েছেন। তাঁদের সেই বঞ্চনা ও বৈষম্য দূর করতে প্রধানমন্ত্রী তারেক রহমান এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন।”
তিনি আরও উল্লেখ করেন, শিক্ষকদের জীবনে সচ্ছলতা না থাকলে তাঁদের কাছ থেকে কাঙ্ক্ষিত মানসম্মত শিক্ষা আশা করা যায় না। অর্থনৈতিক টানাপোড়েনের কারণে অনেক সময় শিক্ষকদের শিক্ষকতার পাশাপাশি বিকল্প আয়ের পথ বেছে নিতে হতো। বিষয়টি অনুধাবন করেই বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষক-কর্মচারীদের সম্মানজনক ও সচ্ছল জীবন নিশ্চিত করতে এই যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন।