ধ্রুব ডেস্ক
নিপীড়ন, নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেওয়া তিন লাখের বেশি রোহিঙ্গাকে মিয়ানমারের পশ্চিম রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা বলে নিশ্চিত করেছে দেশটির সেনা-সমর্থিত সরকার৷ শনিবার মিয়ানমার জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে তাদের ফিরিয়ে নেওয়া হবে৷
রোহিঙ্গা সংকটের নবম বছরে এসে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এমন বক্তব্য দিল৷ ২০১৭ সালের আগস্টে রাখাইনে রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠীর হামলার পর সেনাবাহিনীর অভিযান থেকে বাঁচতে লাখ লাখ রোহিঙ্গা পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন৷ এখনও বাংলাদেশের শিবিরগুলোতে বসবাস করছেন তারা৷
মিয়ানমার জানিয়েছে, জুলাইয়ের শেষ পর্যন্ত বাংলাদেশ যে আট লাখ ২৮ হাজার ৮২৪ জন শরণার্থীর তালিকা দিয়েছে, তার মধ্যে চার লাখ ২৬ হাজার ৫৪৫ জনের পরিচয় যাচাই করা হয়েছে৷ এদের মধ্যে তিন লাখ আট হাজার ৭৯৭ জনকে রাখাইনের সাবেক বাসিন্দা হিসেবে শনাক্ত করা হয়েছে৷
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এক লাখ ১৩ হাজার ৫০৭ জনের পরিচয় যাচাই করা যায়নি এবং চার হাজার ২৪১ জনকে তারা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত বলে দাবি করেছে৷
বিবৃতিতে আরও বলা হয়েছে, রাখাইনের নিরাপত্তা পরিস্থিতি আরও স্থিতিশীল হলে যাচাইকৃত সাবেক বাসিন্দাদের ফিরিয়ে নিতে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাবে মিয়ানমার৷
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় রাখাইন থেকে ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে যে দাবি করা হয়, তা নাকচ করে দিয়েছে৷ তাদের মতে, ২০১৭ সালের সহিংসতার পর পাঁচ লাখ ৪০ হাজারের বেশি মানুষ বাংলাদেশে আশ্রয় নিয়েছে৷ আর দুই লাখের বেশি মানুষ উত্তর রাখাইনে থেকে গেছেন৷