ধ্রুব ডেস্ক
সিপিডি‘র অনুষ্ঠানে অনলাইনে যুক্ত বিদ্যুৎমন্ত্রী ছবি: সংগৃহীত
বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু মন্তব্য করেছেন, ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) মেরামত না হওয়া পর্যন্ত আপাতত দিন গোনা ও লোডশেডিং ব্যবস্থাপনা করা ছাড়া আর কোনো উপায় নেই বলে ।
বৃহস্পতিবার গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত একটি অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
এফএসআরইউর ত্রুটি সারানোর জন্য কাজ চলছে উল্লেখ করে তিনি বলেন, ‘এখন শুধু আমাকে দিন গোনা ছাড়া, আর ওই যে ইঞ্জিনিয়াররা কাজ করছে এফএসআরইউতে, এটা করা ছাড়া আমার কিছু (করার) নাই।’
এ সময় তিনি আরো বলেন, ‘আর কিছু ম্যানেজমেন্ট করা, যেন কম লোডশেডিং হয়, আমি ইন্ডাস্ট্রিকে গ্যাসটা দিতে পারি, এই ম্যানেজমেন্টটা করা। তিনি প্রশ্নকর্তার উদ্দেশ্যে নিজেই প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, ’এ ছাড়া আপনিই বলেন আমার হাতে আর কী থাকতে পারে।’
এসময় প্রসঙ্গক্রমে তিনি আরও জানান, ২০২৯ সাল নাগাদ বাংলাদেশে তিনটি নতুন ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপন করা হবে।
ধ্রুব/টিএম