ধ্রুব ডেস্ক
ছবি: ফাইল
দেশে চলমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত ও নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনার জন্য দেশের সব জেলা প্রশাসককে নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের এক চিঠিতে এ তথ্য জানানো হয়। এ চিঠি সব জেলা প্রশাসককে পাঠানো হয়েছে।
সূত্রমতে, চিঠিতে আরও বলা হয়েছে, জ্বালানি তেলের বাজারে শৃঙ্খলা বজায় রাখা ও কৃত্রিম সংকট প্রতিরোধের লক্ষ্যে জ্বালানি তেলের অবৈধ মজুত, নির্ধারিত মূলের চেয়ে অতিরিক্ত মূল্যে বিক্রি, খোলা বাজারে বিক্রি বন্ধ ও পাচাররোধে মোবাইল কোর্ট পরিচালনার জন্য ওই পত্রে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে অনুরোধ করা হয়েছে। এই পরিস্থিতিতে উপর্যুক্ত বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে বলা হয়েছে।
এ বিষয়ে যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের বক্তব্যের জন্যে যোগাযোগ করা হলেও মোবাইল ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি। তবে যশোর জেলা প্রশাসনের একটি সূত্র চিঠি আসার বিষয়টি নিশ্চিত করেছে।