অরুণপুর শহরের বাতাসে একটা অদ্ভুত ক্লান্তি ছিল।
এই ক্লান্তি শুধু শরীরের নয়—এটা ছিল ইতিহাসের, সিদ্ধান্তের, আর বারবার ভুলে যাওয়ার ক্লান্তি। শহরের মাঝখানে দাঁড়িয়ে থাকা ঘড়িঘরটা সেই ক্লান্তির সবচেয়ে পুরোনো সাক্ষী। তার পাথরের গায়ে শ্যাওলা জমেছে, জানালার কাঁচে ধুলো আর কাঁটায় এমন এক জেদ—যেন সে সময়কে নয়, মানুষকে পরীক্ষা করছে। এই শহরের মানুষরা প্রায়ই বলত, “সময় নাকি সামনে যায়।”কিন্তু অরুণপুরে সময় কেবল ঘুরে ফিরে আসে।
রাশেদ প্রথমবার ঘড়িঘরের সামনে দাঁড়িয়েছিল বৃষ্টির দিনে। তার চোখে তখন ভবিষ্যৎ নামের এক অস্থির আগুন। সে নিজেকে বলেছিল, “সব কিছু বদলে দিতে হবে”। তার পাশে তখন কেউ ছিল না। কিন্তু কিছুদিনের মধ্যেই সে আর একা রইল না। মাওলানা হাবিব এলেন ধর্মের ভারী শব্দ নিয়ে, দীপা এল কবিতার পাতলা আলো নিয়ে, করিম মিয়া এল জীবনের ক্ষুধা নিয়ে আর সোহেল এল—নীরবতা নিয়ে, যা আসলে সব কথার চেয়ে বেশি কৌশলী।
আন্দোলন শুরু হলো খুব ধীরে। প্রথমে শহরের দেয়ালে পোস্টার, তারপর চায়ের দোকানে তর্ক, তারপর মসজিদের ভেতরে দীর্ঘ নীরব বক্তৃতা আর শেষে রাস্তায় নামা মানুষের ঢেউ। সবাই বলছিল—“পরিবর্তন চাই।” কিন্তু পরিবর্তন শব্দটা তখনো এতটা ভারী হয়ে ওঠেনি যে, মানুষ বুঝতে পারবে—এর ভেতরে কতগুলো ভিন্ন ভিন্ন মুখ লুকিয়ে আছে।
রাশেদ ভাবত—এটা তার ক্ষমতা ফিরে পাবার লড়াই।
মাওলানা ভাবতেন—এটা সত্যের লড়াই।
দীপা ভাবত—এটা ন্যায়ের জন্ম।
করিম মিয়া শুধু ভাবত—কাল বাজারে ডালটা কত হবে?
আর সোহেল ভাবত—এই ভিড়ের ভেতর কোন ঢেউটা শেষ পর্যন্ত টিকে থাকবে?
একদিন শহর কেঁপে উঠল। রাত ছিল খুব নিঃশব্দ।
কিন্তু সেই নিঃশব্দতার ভেতরেই একটা শাসক হারিয়ে গেল।
কেউ বলল পালিয়েছে।
কেউ বলল সরানো হয়েছে।
কেউ বলল—সময় নিজেই তাকে আর জায়গা দেয়নি।
ঘড়িঘরটা সেই রাতে শুধু একবার শব্দ করেছিলো। টিক। যেন কোনো সিদ্ধান্ত সিলমোহর হয়ে গেলো। শহর জেগে উঠল নতুন সকালে। আলো ছিলো, শব্দ ছিলো, হাসি ছিলো আর ছিল এক অদ্ভুত বিশ্বাস—সবকিছু এবার ঠিক হবে।
রাশেদ এখন জনতার মুখ।
মাওলানা এখন নৈতিকতার ভাষ্যকার।
দীপা এখন পরিবর্তনের কবি।
করিম মিয়া এখনো রিকশার হ্যান্ডেলে জীবনের ভার টানে।
আর সোহেল এখন ক্ষমতার দলে।
কিন্তু কয়েক মাস যেতে না যেতেই অরুণপুর আবার বদলাতে শুরু করল—ধীরে, নিঃশব্দে। রাশেদ এখন আর রাস্তায় নয়, দপ্তরে। তার কথা এখন কম শোনা যায়, কিন্তু সিদ্ধান্ত বেশি নেওয়া হয়। মাওলানা হাবিব এখন আগের চেয়ে বেশি শোনা যান, কিন্তু তাঁর শব্দে এখন সম্মতি বেশি, প্রশ্ন কম। দীপা লক্ষ্য করল—তার কবিতার শব্দগুলো এখন পোস্টারে ছাপা হচ্ছে, কিন্তু সেই শব্দগুলোর ভেতরের অর্থ কেউ আর পড়ে না। করিম মিয়া বুঝল—ডালের দাম কমেনি, শুধু আশার দাম বেড়েছে। আর সোহেল? সে একদিন হঠাৎ আঙুল ফুলে কলাগাছ।
এক বিকেলে, ঘড়িঘরের সামনে আবার তারা সবাই দাঁড়াল। এইবার কোনো মিছিল নেই, কোনো স্লোগান নেই। শুধু পাঁচজন মানুষ, আর একটা থেমে না যাওয়া ঘড়ি।
দীপা ধীরে বলল,
“সবকিছু কি আগের জায়গায় ফিরে গেছে?”
রাশেদ কোনো উত্তর দিল না।
মাওলানা বললেন,
“না, ফিরে যায়নি। ঠিক পথে এসেছে।”
করিম মিয়া শুধু হাসল,
“আমার জীবন তো আগেও এমনই ছিল।”
সোহেল আকাশের দিকে তাকিয়ে বলল,
“সমস্যা হলো—আমরা ভাবি সবকিছু বদলেছে।”
ঠিক তখন ঘড়িঘরটা আবার শব্দ করল। টিক। কিন্তু এবার শব্দটা একটু ভিন্ন লাগল। যেনো ভেতরে আরেকটা সময় জন্ম নিচ্ছে। দীপা হঠাৎ ঘড়ির দিকে তাকিয়ে থমকে গেল। সে দেখল—কাঁটা এবার সামনে যাচ্ছে না, সে আসলে ঘুরছে না—সে ফিরছে। একই বিন্দুতে, আবার, আবার। তার বুকের ভেতর একটা ভয় নড়ে উঠল। “এটা কি… আবার?”
সোহেল খুব শান্ত গলায় বলল, “না, এটা আবার না।”
সে একটু থেমে যোগ করল, “এটা কখনো শেষই হয়নি।”
অরুণপুর শহরে সেই দিনও সন্ধ্যা নেমেছিল।
আলো জ্বলেছিল, দোকান খুলেছিল, মানুষ হাঁটছিল।
শুধু একটা পার্থক্য ছিল—
এখন কেউ আর নিশ্চিত ছিল না,
তারা সামনে যাচ্ছে, নাকি একই জায়গায় বারবার ফিরে আসছে।আর ঘড়িঘরটা? সে তখনো চলছে।
কারণ সময় থেমে যায় না—'শুধু মানুষ বারবার একই ভুলকে নতুন নাম দেয়'।