নিজস্ব প্রতিবেদক
সংবাদ সম্মেলন করেছেন নাজমুল আকরাম রকি। ছবি: ধ্রুব নিউজ
পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গত ১৬ আগস্ট সংবাদ সম্মেলনে নিজের ও পরিবারের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগকে মিথ্যা ও বানোয়াট দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন নাজমুল আকরাম রকি।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে প্রেসক্লাব যশোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঝিকরগাছার বারবাকপুর গ্রামের বাসিন্দা নাজমুল আকরাম রকি লিখিত বক্তব্যে এই দাবি করেন।
সংবাদ সম্মেলনে রকি বলেন, তার চাচাতো বোনের পরিবারের পক্ষ থেকে পূর্বে সংবাদ সম্মেলনে যে অভিযোগ করা হয়েছিল, তার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। মূলত জমির মালিকানা ও ভোগদখল নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
তিনি দাবি করেন, পৈতৃক সম্পত্তির অংশ নিয়ে বিরোধের জের ধরে গত ২১ জুলাই তিনি প্রতিপক্ষ দ্বারা হামলার শিকার হন। ওই ঘটনায় গত ২৫ জুলাই ঝিকরগাছা থানায় কয়েকজনের নাম উল্লেখ করে একটি চেষ্টা মামলা দায়ের করা হয়, যা বর্তমানে পুলিশ তদন্ত করছে।
সংবাদ সম্মেলনে নাজমুল অভিযোগ করে বলেন, একটি পক্ষ মূল ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার উদ্দেশ্যে তার পরিবার এবং স্থানীয় পুলিশ প্রশাসনের বিরুদ্ধে মিথ্যা রটাচ্ছে। বিশেষ করে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়ার বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও পক্ষপাতিত্বের যে অভিযোগ তোলা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন।
তিনি সাংবাদিকদের সত্য উদঘাটনের অনুরোধ জানিয়ে বলেন, একক কোনো পক্ষের কথার ওপর নির্ভর না করে জমির সঠিক কাগজপত্র, রেকর্ড, নকশা ও আদালতের মামলার নথিপত্র যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করা উচিত।
তিনি আরও বলেন, তিনি আইন নিজের হাতে তুলে না নিয়ে প্রশাসন ও আদালতের মাধ্যমে বিরোধের ন্যায়সঙ্গত সমাধান চান। একই সঙ্গে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিষয়ে সুষ্ঠু তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সংবাদ সম্মেলনে নাজমুল আকরাম রকির মা আছিয়া বেগম ও মেয়ে নাসরিনসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।