ধ্রুব ডেস্ক
চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ছবি: সংগৃহীত
জয় ও পলককে জুলাই গণহত্যার অন্যতম ‘মাস্টারমাইন্ড’ উল্লেখ করা হয়েছে ট্রাইব্যুনাল-১ এ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জুলাই গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে বিশ্বের কাছে গণহত্যার তথ্য লুকাতে নির্দেশ দিয়েছিলেন। এমন তথ্যই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। ট্রাইব্যুনাল-১ এ প্রসিকিউশনে বক্তব্য তুলে ধরার পর ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের এসব কথা জানান চিফ প্রসিকিউটর।
বুধবার বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে দুই সদস্যের ট্রাইব্যুনাল-১ এ জুলাই গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে হত্যাযঞ্জের অভিযোগে মামলায় সজীব ওয়াজেদ জয় এবং জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে সূচনা বক্তব্য দেয় প্রসিকিউশন। এই মামলায় আগামী ২৫ ফেব্রুয়ারি সাক্ষ্য গ্রহণ হবে।
তাজুল ইসলাম বলেন, জুলাই গণহত্যার অন্যতম ‘মাস্টারমাইন্ড’ ছিলেন জয় ও পলক। তাদের বিরুদ্ধে দেশে এ পরিকল্পনা বাস্তবায়নের অভিযোগ আনা হয়েছে। কারণ তারা দুজনই আইসিটির দায়িত্বে ছিলেন। আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করে দিয়ে গণহত্যা সংঘটনে সর্বাত্মক সহযোগিতা করেন তারা। তিনি বলেন, গণহত্যায় সহায়তার ব্যাপারে তৎকালীন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে শলাপরামর্শ করেন পলক। তারা নানা ষড়যন্ত্র ও পরিকল্পনা করেছেন। এ মামলায় সেসব প্রমাণ তুলে আনা হয়েছে।
মামলায় অভিযোগ কেরা হয়েছে আইসিটি মন্ত্রণালয় ২০২৪ সালে আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করে বিশ্বের কাছ থেকে গণহত্যার তথ্য লুকানোর চেষ্টা করেছিল।