নিজস্ব প্রতিবেদক
গাঁজার মামলায় চৌগাছার রামকৃষ্ণপুর গ্রামের মাদক ব্যবসায়ী আমিনুর রহমানকে ৫ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত।
বুধবার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম এক রায়ে এ সাজা প্রদান করেন।
সাজাপ্রাপ্ত রামকৃষ্ণপুর গ্রামের মৃত হক আলীর ছেলে আমিনুর রহমান বর্তমানে কারাগারে আটক রয়েছেন। মামলার অভিযোগে জানা গেছে, ২০২১ সালের ৬ মার্চ রাতে চৌগাছার হিজলী বিওপির বিজিবি সদস্যরা ইন্দ্রপুর মাঠের মধ্যে এক অভিযান পরিচালনা করেন। এ সময় বিজিবি সদস্যরা আমিনুর রহমানকে আটক করেন এবং তার কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় বিজিবির হাবিলদার মনির হোসেন বাদী হয়ে আটক আমিনুর রহমানের বিরুদ্ধে চৌগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। মামলার তদন্ত শেষে আসামি আমিনুর রহমানকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই বিকাশ চন্দ্র সরকার।
দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামি আমিনুর রহমানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক আছাদুল ইসলাম তাকে ৫ বছর সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।