ধ্রুব নিউজ ডেস্ক
ছবি: বিবিসি
আগামী ৪৮ ঘণ্টায় দেশের উপকূলীয় ৩টি বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি দেশের বাকি অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া মূলত শুষ্ক থাকতে পারে।
শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস সংক্রান্ত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অফিসের বিজ্ঞপ্তি অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য স্থানে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
পরবর্তী দিন অর্থাৎ শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় একই ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এর বাইরে পুরো দেশে শুষ্ক আবহাওয়ার দাপট বজায় থাকবে।
সিনপটিক অবস্থার বিষয়ে আবহাওয়া অধিদপ্তর জানায়, বর্তমানে একটি লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে আগামী দুই দিন সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে গত ২৪ ঘণ্টার পরিসংখ্যানে জানা গেছে, দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পটুয়াখালীতে—মাত্র ২ মিলিমিটার। এই সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফরিদপুরে ৩৫.৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৯.১ ডিগ্রি সেলসিয়াস।