আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের উত্তর মিশিগানের একটি লোকালয়ে সামরিক প্রশিক্ষণের সময় বিমানবাহিনীর একটি এফ-১৬ (F-16) যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বিকেলের এ দুর্ঘটনায় বিমানটি মাটিতে আছড়ে পড়ার আগেই চালক প্যারাশুট ব্যবহার করে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন।
টেক্সাস মিলিটারি ডিপার্টমেন্টের তথ্যমতে, আলপেনার ‘কমব্যাট রেডিনেস ট্রেনিং সেন্টার’ থেকে উড্ডয়ন করা বিমানটি একটি নিয়মিত প্রশিক্ষণ মিশনে ছিল। এয়ার ট্রাফিক কন্ট্রোলের প্রাথমিক অডিও বার্তা থেকে জানা গেছে, আকাশে পাখির আঘাতে বিমানটির ইঞ্জিন বিকল হয়ে পড়েছিল। তবে দুর্ঘটনার সঠিক কারণ জানতে ইতিমধ্যেই আনুষ্ঠানিক তদন্ত শুরু করা হয়েছে।
ফ্রি-ফল করার মুহূর্তে চালক নিজেকে আলাদা করে নেওয়ায় বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে। মিশিগান স্টেট পুলিশ জানিয়েছে, উদ্ধারের পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাইলটকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে এবং তাঁর শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত।
দুর্ঘটনাস্থল ব্লেয়ার টাউনশিপের আবাসিক এলাকায় হলেও মাটিতে থাকা কোনো সাধারণ নাগরিক হতাহত হননি বলে নিশ্চিত করেছেন স্থানীয় প্রশাসনের সুপারভাইজার নিকোল ব্লনশাইন।
ঘটনার আকস্মিক বর্ণনা দিতে গিয়ে স্থানীয় বাসিন্দা নিকোল কনরাড জানান, বিকট শব্দ শুনে আকাশের দিকে তাকাতেই তিনি রঙিন প্যারাশুটে এক পাইলটকে নেমে আসতে দেখেন। এড উইলসন নামে অপর এক প্রত্যক্ষদর্শী বলেন, "বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা নিচের দিকে নেমে আসে এবং মুহূর্তের মধ্যে বিকট বিস্ফোরণ ঘটে কালো ধোঁয়ায় চারপাশ ঢেকে যায়।"
দুর্ঘটনার পর পরই বিপজ্জনক রাসায়নিক ছড়িয়ে পড়ার ঝুঁকি এড়াতে দুর্ঘটনাস্থলের চারপাশের এক মাইল এলাকার বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান খালি করার নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে উদ্ধার অভিযান সফলভাবে সম্পন্ন হলে রাতের দিকে এলাকার নিরাপত্তা নিষেধাজ্ঞা ও উচ্ছেদ আদেশ তুলে নেয় স্থানীয় কর্তৃপক্ষ।