ক্রীড়া ডেস্ক
ছবি: সংগৃহীত
এশিয়ান কাপ ও সাফ চ্যাম্পিয়নশিপের ব্যর্থতার পর এবার এশিয়ান গেমসেও চরম বিপর্যয়ের মুখে পড়ল বাংলাদেশ নারী ফুটবল দল। ওসাকার নাগাই স্টেডিয়ামে সোমবার ‘এফ’ গ্রুপের নিজেদের প্রথম ম্যাচেই উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলের বড় ব্যবধানে হেরেছে পিটার বাটলারের শিষ্যরা। বাংলাদেশ নারী ফুটবল দলের ইতিহাসেই এটি সবচেয়ে বড় ব্যবধানের পরাজয়।
এর আগে ২০১৩ সালে থাইল্যান্ডের বিপক্ষে ৯-০ ব্যবধানে হারের রেকর্ডটিই ছিল বাংলাদেশের সবচেয়ে বড় লজ্জা। এক দশক পর অভিজ্ঞ ফুটবলারদের ছাড়া দল নামিয়ে সেই পুরোনো রেকর্ড ভেঙে নতুন খতিয়ান লিখলেন ব্রিটিশ কোচ বাটলার।
শক্তিশালী উত্তর কোরিয়ার বিপক্ষে অভিজ্ঞ ফুটবলারদের বসিয়ে রেখে একেবারেই অনভিজ্ঞ ও তরুণদের নিয়ে শুরুর একাদশ সাজিয়েছিলেন বাটলার। প্রথম একাদশে জায়গা পান মোমিতা খাতুন, অর্পিতা বিশ্বাস ও সুরভী আফরিনের মতো তরুণী খেলোয়াড়েরা। অন্যদিকে সাজঘরে বসে ছিলেন ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, শিউলি আজিম ও শামসুন্নাহারদের মতো দলের মূল তারকারা।
প্রতিপক্ষের শক্তির গভীরতা না মেপে তরুণদের পরীক্ষা-নিরীক্ষার সিদ্ধান্তই কাল হয়ে দাঁড়ায় বাংলাদেশের জন্য। ম্যাচের ৫ম ও ১০ম মিনিটে জন রয়োং জংয়ের ব্যাক-টু-ব্যাক গোলে শুরুতেই ব্যাকফুটে চলে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। আক্রমণ তো দূরের কথা, রক্ষণভাগ সামলাতেই হিমশিম খেতে হয় আফঈদাদের। প্রথমার্ধেই একে একে ৭টি গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ।
দ্বিতীয় অর্ধে মনিকা ও ঋতুপর্ণারা মাঠে নামলেও ততক্ষণে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি তিনবারের এশিয়ান গেমস সোনাজয়ী উত্তর কোরিয়ার হাতে। ৫১ মিনিটে রাই সং এবং ৬০ মিনিটে জং জুমের লক্ষ্যভেদে ব্যবধান দাঁড়ায় ৯-০। ৮৫ মিনিটে কিপার মিলি একটি নিশ্চিত গোল আটকে দিলেও শেষ রক্ষা হয়নি; হান জিন হংয়ের শেষ মুহূর্তের কোনাকুণি শটে ১০-০ ব্যবধানের বিষাদময় হার নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।
নারী এশিয়ান কাপে শেষ দেখায় এই উত্তর কোরিয়ার কাছেই ৫-০ গোলে হেরেছিল বাংলাদেশ। এবার সেই ব্যবধান দ্বিগুণে পৌঁছাল।
গ্রুপ পর্বে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে আগামী বৃহস্পতিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে অপর পরাশক্তি দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।