ক্রীড়া ডেস্ক
লামিন ইয়ামাল ছবি: সংগৃহীত
স্প্যানিশ ওয়ান্ডারকিড লামিন ইয়ামালের জাদুকরী পারফরম্যান্সে বুঁদ ফুটবল বিশ্ব। ১৮ ছুঁইছুঁই এই তরুণ তুর্কির পায়ে ভর করে নতুন স্বপ্নের বুনন দেখছে বার্সেলোনা। কাতালান ক্লাবটির সহ-সভাপতি রাফা ইউস্তের মতে, পারফরম্যান্সের সঠিক এবং নিরপেক্ষ বিচার হলে ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত সম্মাননা 'ব্যালন ডি'অর' উঠা উচিত ইয়ামালের হাতেই।
স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘মার্কা’র বরাতে জানা যায়, লেভান্তের বিপক্ষে বার্সেলোনার ম্যাচের আগে আয়োজিত দুই ক্লাবের পরিচালনা পর্ষদের এক অফিসিয়াল মধ্যাহ্নভোজে এভাবেই তরুণ সতীর্থকে নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন ইউস্তে। বার্সা সভাপতি হুয়ান লাপোর্তার উপস্থিতিতেই তিনি স্পষ্ট করেন, বর্তমান ফুটবলে ইয়ামালের প্রভাব ও ধারাবাহিকতা অনন্য।
ইয়ামালের মুগ্ধকর পারফরম্যান্সের প্রশংসায় ইউস্তে বলেন, "ইয়ামাল এখন ক্যারিয়ারের সেরা ছন্দে রয়েছে। আমার চোখে সেই এই মুহূর্তের ব্যালন ডি'অরের সবচেয়ে যোগ্য দাবিদার। এত অল্প বয়সে সারা বিশ্বের লাখ লাখ শিশুর প্রেরণা হয়ে ওঠা এবং ফুটবলপ্রেমীদের প্রতিনিয়ত আনন্দ দেওয়া সত্যিই এক অবিশ্বাস্য ব্যাপার। বহু বছরের ব্যবধানে আমি এমন কোনো প্রতিভার দেখা পেয়েছি।"
ফুটবল কর্তৃপক্ষের কাছে ন্যায়বিচারের দাবি তুলে তিনি আরও যোগ করেন, "আমি মনেপ্রণে আশা করি, ফুটবলের সর্বোচ্চ এই পুরস্কার দেওয়ার ক্ষেত্রে সঠিক বিচার বিবেচনা করা হবে। মাঠের পারফরম্যান্স দিয়ে সে যেভাবে অগণিত ভক্তকে রোমাঞ্চিত করছে, তাতে এই সম্মাননাটি তারই প্রাপ্য।"
বয়সভিত্তিক ফুটবল পেরিয়ে মূল দলে জায়গা নেওয়ার পর থেকেই নজরকাড়া ধারাবাহিকতা দেখিয়ে বিশ্ব ফুটবলের সেরাদের কাতারে জায়গা করে নিয়েছেন ইয়ামাল। ফুটবল বোদ্ধাদের চোখও এখন তার ওপর। ক্লাব সহ-সভাপতি ইউস্তের এই জোরালো দাবির পর ফুটবল প্রেমীদের নজর এখন একটাই প্রশ্নের দিকে—শেষ পর্যন্ত কি তরুণ এই প্রতিভাধরের হাতেই উঠবে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় এই ব্যক্তিগত মুকুট?