Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশি

বেনাপোল প্রতিনিধি বেনাপোল প্রতিনিধি
প্রকাশ : শুক্রবার, ১১ সেপ্টেম্বর,২০২৬, ১২:৫৪ এ এম
কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশি

ছবি: ধ্রুব নিউজ

ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক হয়ে কারাভোগ এবং পরে বিশেষ ক্যাম্প ও শেল্টার হোমে দীর্ঘদিন থাকার পর দেশে ফিরেছেন ৪৭ বাংলাদেশি নাগরিক। তাঁদের মধ্যে ৪৩ জন পুরুষ ও ৪ জন নারী।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।

পেট্রাপোল-বেনাপোল সীমান্তের শূন্যরেখায় আনুষ্ঠানিক হস্তান্তরের সময় ভারতের হরিদাসপুর ইমিগ্রেশন পুলিশ ও ১০২ ব্যাটালিয়ন বিএসএফের কোম্পানি কমান্ডার এবং বাংলাদেশের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ৪৯ বিজিবির আইসিপি কোম্পানি কমান্ডারসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, দেশে ফেরা এসব বাংলাদেশি প্রায় আড়াই বছর আগে ভালো কাজ ও জীবিকার আশায় দালালের মাধ্যমে অবৈধ পথে ভারতের তামিলনাড়ু রাজ্যে যান। সেখানে বিভিন্ন বাসাবাড়ি ও খেত-খামারে কাজ করার সময় ভারতীয় পুলিশের হাতে আটক হন তাঁরা। পরে আদালতের মাধ্যমে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

সাজা ভোগের পর তাদের তামিলনাড়ুর সালেমের আত্তুর ও তিরুচিরাপল্লির (ট্রিচি) বিশেষ ক্যাম্প ও শেল্টার হোমে রাখা হয়। পরে বাংলাদেশি নাগরিকত্ব যাচাই-বাছাই শেষে দেশে ফেরানোর জন্য ট্রাভেল পারমিটের ব্যবস্থা করা হয়।

নথি সূত্রে জানা গেছে, গত ২৪ আগস্ট চেন্নাইয়ে অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়কে এক জরুরি বার্তায় জানায়, তামিলনাড়ুর বিভিন্ন বিশেষ ক্যাম্পে থাকা ৪৭ বাংলাদেশিকে ট্রেনে পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়েছে। তাঁদের প্রত্যেকের নামে পৃথক ট্রাভেল পারমিট ইস্যু করা হয়।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান বলেন, ইমিগ্রেশনের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে ভারতফেরত ৪৭ বাংলাদেশিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার, বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি ও রাইটস যশোরের প্রতিনিধিরা তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নেবেন।

বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির প্রতিনিধি রেখা বিশ্বাস বলেন, দালালের প্রলোভনে পড়ে এসব বাংলাদেশি বিভিন্ন সময়ে অবৈধ পথে ভারতে গিয়েছিলেন। সেখানে আটক হওয়ার পর আদালতের মাধ্যমে সাজা ভোগ করেন। পরে তাদের বিশেষ ক্যাম্প ও শেল্টার হোমে রাখা হয়। দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে আইনি প্রক্রিয়া শেষে তাদের দেশে ফেরানো হয়েছে।

জাস্টিস অ্যান্ড কেয়ারের ভলান্টিয়ার শফিকুল ইসলাম বলেন, দেশে ফেরত আসা ব্যক্তিদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। স্বজনেরা বেনাপোলে পৌঁছালে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ততক্ষণ তারা শেল্টার হোমে নিরাপদ হেফাজতে থাকবেন।

দেশে ফেরা ৪৭ বাংলাদেশির বাড়ি নড়াইল, বাগেরহাট, গোপালগঞ্জ, সাতক্ষীরা, ঢাকা, ময়মনসিংহসহ বিভিন্ন জেলায়। দীর্ঘদিন পর স্বজনদের দেশে ফেরার খবরে পরিবারগুলোর মধ্যে স্বস্তি ও আবেগের সৃষ্টি হয়েছে। আইনি আনুষ্ঠানিকতা শেষে পরিবারের কাছে ফেরার অপেক্ষায় রয়েছেন তারা।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)