নিজস্ব প্রতিবেদক
রাতের শান্তি-শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইসরাফিল শেখ জনি (জমিন) নামের এক যুবককে ৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন যশোরের বিচারিক আদালত। আজ সোমবার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আছাদুল ইসলাম এ সাজা প্রদান করেন।
সাজাপ্রাপ্ত জনি খুলনা জেলার রূপসা থানার বাগমারা এলাকার মৃত ইছাক শেখের ছেলে। বর্তমানে তিনি যশোর কোতোয়ালি থানার রেলগেট পশ্চিমপাড়ার ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত ২টা ৫ মিনিটে কোতোয়ালি মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জয়ন্ত সরকারের নেতৃত্বে পুলিশের একটি টিম চাঁচড়া রেলগেট এলাকায় বিশেষ ডিউটিতে ছিল। এ সময় আসামি জনি প্রকাশ্যে মাতলামি ও চিৎকার-চেঁচামেচি করে পথচারীদের চলাচলে ব্যাঘাত ঘটায়।
পুলিশ তাৎক্ষণিকভাবে তাকে আটক করে পুলিশ আইনের ৩৪ ধারায় প্রতিবেদনসহ আদালতে সোপর্দ করে। আদালতের বিচারক প্রতিবেদনের ওপর শুনানি গ্রহণ করলে আসামি নিজ দোষ স্বীকার করেন। এর পরিপ্রেক্ষিতে বিচারক তাকে ৮ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। সাজাপ্রাপ্ত জনি বর্তমানে কারাগারে আটক রয়েছেন।