নিজস্ব প্রতিবেদক
ছবি: ধ্রুব নিউজ
যশোরে স্থানীয় পর্যায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ, বাজার ব্যবস্থাপনা নিশ্চিতকরণ এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে যশোর জেলা কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর আয়োজনে যশোর সার্কিট হাউসের হলে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাবের সভাপতি এবং সাবেক সচিব (পিআরএল, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়) এ, এইচ, এম, সফিকুজ্জামান। সভায় সভাপতির দায়িত্ব পালন করেন ক্যাব যশোর জেলা কমিটির সভাপতি মো: আবদুর রকিব সরদার অপূ।
সভায় বক্তারা স্থানীয় পর্যায়ে ভোক্তাদের অধিকার রক্ষা, সচেতনতা বৃদ্ধি এবং ভোক্তা অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেন। বক্তারা বলেন, শুধু আইন ও নীতিমালা প্রণয়ন করলেই ভোক্তা অধিকার নিশ্চিত করা সম্ভব নয়; এর জন্য সাধারণ ভোক্তাদের সচেতন হওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ ক্ষেত্রে গণমাধ্যম, সুশীল সমাজ, এনজিও এবং ভোক্তা সংগঠনগুলোর যৌথ উদ্যোগের ওপর গুরুত্ব আরোপ করা হয়।
মতবিনিময়কালে অংশগ্রহণকারীরা যশোর অঞ্চলের বাজার ও ভোক্তা সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা ও অভিজ্ঞতা তুলে ধরেন। এসব সমস্যা সমাধানে ক্যাবের ভবিষ্যৎ কর্মপন্থা এবং স্থানীয় পর্যায়ে কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়।
উক্ত মতবিনিময় সভায় ক্যাবের স্থানীয় প্রতিনিধি, বিভিন্ন এনজিও, গণমাধ্যম কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।