নিজস্ব প্রতিবেদক
রাশেদ খানের দ্রুত সুস্থতা ও পূর্ণাঙ্গ আরোগ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল। ছবি: ধ্রুব নিউজ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক রাশেদ খান মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে ও স্বজনদের সঙ্গে কথা বলতে হাসপাতালে যান যশোর জেলা জামায়াতে ইসলামীর আমীর ও সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল।
শুক্রবার (৭ আগস্ট) যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রাশেদ খানকে দেখতে যান তিনি। এ সময় তিনি তার দ্রুত সুস্থতা ও পূর্ণাঙ্গ আরোগ্য কামনা করেন।
গত ৪ আগস্ট সকালে যশোর শহরের নিউমার্কেট এলাকায় মোটরসাইকেল থেকে পড়ে যান রাশেদ খান। এতে তার বাম পায়ের ফিমার হাড় ভেঙে যায় ও গুরুতর আঘাত পান। পরে স্বজনরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
পরিদর্শনের সময় অধ্যাপক গোলাম রসুল আহত রাশেদ খানের চিকিৎসার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, সহকারী সেক্রেটারি রেজাউল করিম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার অন্যতম সমন্বয়ক শুয়াইব হুসাইন, সরোয়ার গাজী, আবু হুরায়রাসহ স্থানীয় নেতা-কর্মীরা।
পরে রাশেদ খানের দ্রুত সুস্থতা ও পূর্ণাঙ্গ আরোগ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।