বেনাপোল প্রতিনিধি
ছবি: ধ্রুব নিউজ
যশোরের বেনাপোলে পুলিশের বিশেষ অভিযানে ৭১ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৯ হাজার ৭৪০ টাকাসহ দুই নারীকে গ্রেফতার করা হয়েছে। তবে এ ঘটনায় মামলার প্রধান অভিযুক্ত ফিরোজ কৌশলে পালিয়ে গেছেন।
পুলিশ জানায়, শনিবার রাতে বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মাদ মামুন শেখের নেতৃত্বে পুলিশের একটি দল নারায়ণপুর কেলেরকান্দা গ্রামে ফিরোজের বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় বাড়ির শয়নকক্ষ থেকে সালমা খাতুন ও আমেনা খাতুন নামে দুই নারীকে আটক করা হয়। পরে নারী পুলিশের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৭১ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১৯ হাজার ৭৪০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—বেনাপোল পোর্ট থানার নারায়ণপুর কেলেরকান্দা গ্রামের ফিরোজের স্ত্রী সালমা খাতুন (৩৮) এবং একই গ্রামের শহিদ হোসেনের স্ত্রী আমেনা খাতুন (৪৫)।
এ ঘটনায় এসআই মোহাম্মাদ মামুন শেখ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত দুই আসামিকে রোববার আদালতে পাঠানো হয়েছে এবং পলাতক প্রধান অভিযুক্ত ফিরোজকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।