নিজস্ব প্রতিবেদক
ছবি: ধ্রুব নিউজ
যশোর সদর উপজেলা থেকে ৭০ পিস ইয়াবাসহ শরিফুল ইসলাম (৩১) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আটক শরিফুল ইসলাম সদর উপজেলার মধ্যকচুয়া গ্রামের মতিয়ার মোল্লার ছেলে।
ডিবি সূত্রে জানা গেছে, শুক্রবার (১৭ জুলাই) বিকেলে জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পুলিশের একটি দল সদর উপজেলার কচুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে অভিযান চালায়। এ সময় স্থানীয় রফিকুলের বাড়ির সামনের রাস্তা থেকে সন্দেহভাজন হিসেবে শরিফুল ইসলামকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৭০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
ডিবি পুলিশ জানায়, এ ঘটনায় আটক শরিফুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।