নিজস্ব প্রতিবেদক
যশোরে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। ছবি: ধ্রুব নিউজ
"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬। জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ যশোরের যৌথ আয়োজনে শনিবার মুন্সি মেহেরুল্লাহ ময়দানে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আগামী ২৪ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা পুলিশ সুপার রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবিরুল হক সাবু, । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সামজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা অমিতা মন্ডল।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে দেশকে রক্ষা করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সবুজ বাংলাদেশ গড়তে প্রতিটি নাগরিককে অন্তত একটি করে ফলজ, বনজ ও ওষুধি গাছ লাগানোর আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ পৃথিবী রেখে যেতে বৃক্ষমেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মেলায় বিভিন্ন প্রজাতির উন্নত জাতের ফলজ, বনজ ও শোভাবর্ধনকারী গাছের চারা প্রদর্শন এবং সাশ্রয়ী মূল্যে বিক্রি করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।