Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ১৮ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলা: ৭ ওয়্যারহাউস কর্মী নিহত, মস্কোর তেল ডিপোতে আগুন

আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : শনিবার, ১৮ জুলাই,২০২৬, ০৩:১২ পিএম
আপডেট : শনিবার, ১৮ জুলাই,২০২৬, ০৩:৫০ পিএম
রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলা: ৭ ওয়্যারহাউস কর্মী নিহত, মস্কোর তেল ডিপোতে আগুন

ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত রাশিয়ার ঝুকোভস্কি অঞ্চলের একটি বিল্ডিং ছবি: রয়টার্স

শনিবার রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ইউক্রেনের উপর্যুপরি ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় একটি ওয়্যারহাউসের অন্তত ৭ জন কর্মী নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। এছাড়া রাজধানী মস্কোর কাছাকাছি অঞ্চলে একটি তেল ডিপোতে হামলার জেরে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে বলে নিশ্চিত করেছেন স্থানীয় গভর্নররা।

তাম্বভ অঞ্চলের গভর্নর ইভজেনি পারভেশভ জানিয়েছেন, মস্কো থেকে প্রায় ৪৭৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে কোটোভস্ক শহরে রাশিয়ার শীর্ষস্থানীয় অনলাইন রিটেইলার 'ওয়াইল্ডবেরিজ'-এর একটি গুদামে ইউক্রেনীয় ড্রোন আছড়ে পড়ে। মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তিনি জানান, সেখানে নৈশশিফটে কর্মরত ৭ জন কর্মী ঘটনাস্থলেই প্রাণ হারান এবং আরও ২৫ জন গুরুতর আহত হন। তিনি আরও উল্লেখ করেন যে, হামলার সময় আকাশপথেই ২৮টি ড্রোন গুলি করে ভূপাতিত করা সম্ভব হয়েছে। অন্যথায় এই হামলায় বেসামরিক প্রাণহানির সংখ্যা আরও অনেক বেশি হতে পারত বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

হামলার প্রতিবাদে হাতে প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় নেমে আসেন রুশ নাগরিকরা / ছবি: রয়টার্স

এদিকে মস্কো অঞ্চলের পরিস্থিতিও ছিল বেশ উদ্বেগজনক। স্থানীয় গভর্নর আন্দ্রেই ভোরোবিয়েভ জানান, মস্কোর পূর্বাঞ্চলীয় শহর ইলেক্ট্রস্টালে অবস্থিত ওয়াইল্ডবেরিজের অপর একটি গুদামে ড্রোন হামলায় আরও ২৪ জন আহত হয়েছেন। একই অঞ্চলের নোগিনস্ক শহরে ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ ছিটকে পড়ে একটি তেল ডিপোতে ভয়াবহ আগুন ধরে যায়। যদিও তিনি ওই স্থাপনার ক্ষয়ক্ষতির নির্দিষ্ট কোনো বিবরণ দেননি, তবে নিশ্চিত করেছেন যে নোগিনস্কের ওই ঘটনায় অন্তত দুজন আহত হয়েছেন। পরিস্থিতি বিবেচনায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কাছাকাছি থাকা একটি মাতৃসদন হাসপাতাল থেকে সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

এই হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি বিবৃতি দিয়েছেন। তিনি জানান, কিয়েভের বাহিনী মূলত রাশিয়ার এমন দুটি লজিস্টিক স্থাপনায় আঘাত হেনেছে, যেগুলো ড্রোন তৈরি ও নেভিগেশন সরঞ্জাম সরবরাহের কাজে ব্যবহৃত হতো। এর পাশাপাশি একটি তেল স্থাপনায়ও সফল হামলার কথা নিশ্চিত করেন তিনি।

হামলার পর ওয়াইল্ডবেরিজের সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী তাতায়ানা কিম গভীর শোক প্রকাশ করেছেন। তিনি এই ঘটনাকে রাশিয়া এবং তার কোম্পানির জন্য একটি "ভয়াবহ রাত" হিসেবে আখ্যায়িত করেন এবং নিহত কর্মীদের পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)