সাইফুল ইসলাম
নতুন পোশাক, পুষ্টিকর খাবার পেয়ে খুশি ৭৮ এতিম। ছবি: ধ্রুব নিউজ
এক জোড়া নতুন জুতো আর পছন্দের পোশাক হাতে পেয়ে ঝিলমিল করে উঠল ১০ বছরের ছোট্ট মারুফের চোখ দুটো। শুধু নতুন জামাকাপড়ই নয়, তার সাথে জুটেছে তিন মাসের পুষ্টিকর খাবার আর স্বাস্থ্য সুরক্ষার প্রয়োজনীয় জিনিসপত্রও। মারুফের মতো এমন ৭৮ জন অভিভাবকহীন এতিম শিশু আজ বেজায় খুশি।
শুক্রবার সকালে যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের কাজিপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই উৎসবমুখর দৃশ্য দেখা যায়। জাতীয় মানবিক সহায়তা ও উন্নয়ন সংস্থা ‘ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ’-এর ‘অরফ্যান কেয়ার প্রোগ্রাম’-এর আওতায় এই শিশুদের হাতে তিন মাসের খাদ্যসামগ্রী, হাইজিন প্যাক, নতুন পোশাক ও জুতা-মোজা তুলে দেওয়া হয়। দেশব্যাপী ৪০০ এতিম শিশুর জন্য পরিচালিত বিশেষ সহায়তা কার্যক্রমেরই একটি অংশ ছিল যশোরের এই আয়োজন।
অসহায় ও সুবিধাবঞ্চিত এসব শিশুর পুষ্টির চাহিদা মেটাতে দেওয়া খাদ্যসামগ্রীর তালিকাটি ছিল বেশ চমৎকার ও পুষ্টিকর। প্রতিটি শিশু পেয়েছে ৩০ কেজি চাল, ৬ কেজি সয়াবিন তেল, ৩ কেজি মসুর ডাল, ৩ কেজি চিনি, দেড় কেজি মিল্ক পাউডার, ৩ জার হরলিক্স, ৩ প্যাকেট নুডুলস, দেড় কেজি বাদাম, ৩ জার বিস্কুট, ৩ বক্স চকলেট এবং ৬ কেজি তাজা মৌসুমি ফল।
কেবল খাদ্য নয়, শিশুদের সুস্থতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে দেওয়া হয়েছে উন্নতমানের হাইজিন প্যাক। যার মধ্যে রয়েছে ৪টি টুথপেস্ট, ৪টি টুথব্রাশ, ৬টি গোসলের সাবান, ১২টি কাপড় কাচার সাবান, ৪টি হ্যান্ডওয়াশ, ৪টি বডি লোশন, ৪টি পেট্রোলিয়াম জেলি, চিরুনি ও নেল কাটার।
ইমপ্যাক্ট ইনিশিয়েটিভের যশোর জেলা প্রতিনিধি মুন্সি নাজমুল হোসেনের সভাপতিত্বে এই মানবিক আয়োজনে প্রধান অতিথি ছিলেন সংস্থার অরফ্যান কেয়ার প্রোগ্রামের অফিসার সাজিদ আল আহাদ। তিনি নিজ হাতে শিশুদের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংস্থার নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবক তায়জেল, শাফিন, মনির, মুজাহিদ, আবু হাসান, সাহাজুর, ফারুক, মামুন, আমির হামজা, কালামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সুবিধাবঞ্চিত এতিম শিশুদের পুষ্টির অভাব দূর করা, স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করা এবং তাদের স্বাভাবিক জীবনযাপনকে কিছুটা সহজ ও আনন্দময় করে তুলতেই এই নিয়মিত প্রচেষ্টা বলে জানান আয়োজকেরা।