বেনাপোল (যশোর) প্রতিনিধি
ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশিকে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন। ছবি: ধ্রুব নিউজ
ভালো চাকরির প্রলোভনে পড়ে ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশিকে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরিয়ে দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতে আটক থাকার পর দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে তারা স্বদেশে ফেরার সুযোগ পান।
গতকাল শুক্রবার (১২ জুন) রাত আটটার দিকে ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে তাদের হস্তান্তর করা হয়। ফেরত আসা ব্যক্তিদের মধ্যে নারী ও পুরুষ উভয়ই রয়েছেন। তাদের বাড়ি সুনামগঞ্জ, যশোর ও কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায়।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের তদন্ত কর্মকর্তা সৈয়দ মোর্তজা আলী জানান, ভারত থেকে ফেরত আসা বাংলাদেশিদের ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এরপর পরবর্তী আইনি ও মানবিক সহায়তার জন্য তাদের একটি বেসরকারি মানবাধিকার সংস্থার কাছে হস্তান্তর করা হয়।
মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ারের বেনাপোল শাখার প্রতিনিধি শরিফুল ইসলাম জানান, ভালো কাজের আশায় দালালচক্রের প্রলোভনে পড়ে এসব বাংলাদেশি বিভিন্ন সীমান্তপথে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। সেখানে অনুপ্রবেশের অভিযোগে তারা ভারতীয় পুলিশের হাতে আটক হন। পরে আদালতের মাধ্যমে তাদের সে দেশের বিভিন্ন শেল্টার হোমে রাখা হয়।
তিনি আরও জানান, ভারতীয় মানবাধিকার সংস্থার সহায়তায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর উভয় দেশের সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফিরেছেন। ফেরত আসা ব্যক্তিদের প্রয়োজনীয় আইনি সহায়তা, কাউন্সেলিং ও পুনর্বাসন কার্যক্রমে জাস্টিস অ্যান্ড কেয়ার সহযোগিতা করবে।