বেনাপোল প্রতিনিধি
বেনাপোল দিয়ে বাংলাদেশে এলেন ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ছবি: ধ্রুব নিউজ
# দুই দেশের সম্পর্ককে ‘ভাই-বোনে’র মত
# টুরিস্ট ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক করার ইতিবাচক ইঙ্গিত
বাংলাদেশিদের জন্য বন্ধ থাকা ভারতীয় টুরিস্ট ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক করার ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশে নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। আজ শুক্রবার (১২ জুন) সকালে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশের পর তিনি দুই দেশের জনগণের যোগাযোগ ও সহযোগিতা জোরদারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। দীর্ঘদিন ধরে সীমিত থাকা ভিসা প্রক্রিয়া এই কূটনৈতিক সফরের মধ্য দিয়ে আবার সচল হওয়ার নতুন আশা দেখছেন সংশ্লিষ্টরা।
আজ সকাল ১১টার দিকে ভারতের বনগাঁ সীমান্ত অতিক্রম করে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী।
বাংলাদেশে পৌঁছানোর পর নবনিযুক্ত হাইকমিশনারকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামিম হোসেন তাকে ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদসহ স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চেকপোস্টে সংক্ষিপ্ত সময় অবস্থান শেষে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।
দায়িত্ব গ্রহণের পর হাইকমিশনার দিনেশ ত্রিবেদী বাংলাদেশ-ভারত সম্পর্ককে ‘ভাই-বোনের সম্পর্ক’ হিসেবে উল্লেখ করে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি ভিসা কার্যক্রম স্বাভাবিক করার বিষয়েও ইতিবাচক ইঙ্গিত দেন।