নিজস্ব প্রতিবেদক
যশোরে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা পরিচয়দানকারী দুই যুবকের বিরুদ্ধে। নিয়মিত তল্লাশিকালে হট্টগোল বাঁধিয়ে ওই দুই যুবককে ছাড়িয়ে নিয়ে গেছে তাদের সহযোগীরা। এ সময় পুলিশের সাথে বাকবিতণ্ডায় এলাকায় বেশ উত্তেজনার সৃষ্টি হয়।
মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যার পর যশোর শহরের বারান্দীপাড়া কদমতলা এলাকার নাঈম মসজিদের সামনে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সন্ধ্যার পর যশোর সদর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক নুরুন্নবী ও একজন কনস্টেবল খালদার রোড নাঈম মসজিদের সামনে টহল ও তল্লাশী চালাচ্ছিলেন। সে সময় তারা দুই যুবককে কাছে ডেকে নিয়ে তল্লাশি করতে যান। তল্লাশিকালে ওই দুই যুবক নিজেদের যশোর জেলা ছাত্রদলের নগর শাখার আহ্বায়ক সুমন আহমেদ ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য রাজিব হোসেন বলে পরিচয় দেন এবং পুলিশের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে ঘটনাস্থলে আরও ৮/১০ জন কর্মী এসে পুলিশের সাথে কথা বলেন এবং "আমরা দেখছি" বলে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা পরিচয়দানকারী ওই দুই যুবককে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে যান। এই ঘটনার পর ওই এলাকায় বেশ উত্তেজনা বিরাজ করে। খবর পেয়ে সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আমানুল্লাহ ঘটনাস্থলে গিয়ে বিএনপির নেতাকর্মীদের সাথে কথা বলেন এবং পুলিশ সদস্যদের নিয়ে ফিরে আসেন।
এ বিষয়ে সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আমানুল্লাহ জানান, সদর ফাঁড়ির কয়েকজন পুলিশ সদস্য প্রতিদিনের ন্যায় তল্লাশি অভিযানে নামেন। তারা দুই যুবককে তল্লাশির চেষ্টা করলে যুবকেরা বিএনপির দলীয় পরিচয় দেয় এবং তল্লাশি করতে দেবে না বলে অস্বীকৃতি জানায়। এই নিয়ে কিছুটা বাকবিতণ্ডা হয়। পরে অন্যরা সেখানে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে। এছাড়া তেমন কিছু হয়নি এবং তাদের কাছ থেকে কোনো মাদকদ্রব্য পাওয়া যায়নি।