কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় সরকারি খাদ্য গুদামে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহের লক্ষ্যে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে স্বচ্ছতা নিশ্চিত করতে এই লটারির মাধ্যমে ধান বিক্রয়কারী কৃষকদের নাম নির্বাচন করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপা রাণী সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনছারুল্লাহ।
লটারি কার্যক্রম ও কৃষকদের উৎসাহ দিতে অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী, জামায়াতের পৌর আমির কাইয়ুম হোসেন এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাসেম।
উপস্থিত অতিথিবৃন্দ বলেন, কোনো প্রকার মধ্যস্বত্বভোগী বা দালালের প্রভাব ছাড়াই প্রকৃত কৃষকরা যাতে সরাসরি সরকারের কাছে ন্যায্যমূল্যে ধান বিক্রি করতে পারেন, সেজন্যই এই উন্মুক্ত লটারির আয়োজন। লটারির মাধ্যমে নির্বাচিত কৃষকদের কাছ থেকে নির্ধারিত নিয়ম মেনে পর্যায়ক্রমে ধান সংগ্রহ করা হবে বলে উপজেলা খাদ্য বিভাগ নিশ্চিত করেছে।