ক্রীড়া ডেস্ক
৯টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৪২ বলে ৭৫ রানের ম্যাচজয়ী এক অপরাজিত ইনিংস খেলেন ভিরাট কোহলি ছবি: আইপিএল
ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনালে গুজরাট টাইটান্সকে ৫ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয় বারের মতো শিরোপা নিজেদের করে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গুজরাটের দেওয়া ১৫৬ রানের লক্ষ্যমাত্রা ১২ বল বাকি থাকতেই ৫ উইকেট হারিয়ে টপকে যায় বেঙ্গালুরু। দলের এই মহাকাব্যিক জয়ে ৪২ বলে ৭৫ রানের এক অনবদ্য এবং অপরাজিত ইনিংস খেলে বড় ভূমিকা রেখেছেন তারকা ব্যাটসম্যান ভিরাট কোহলি।
খেলায় টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় গুজরাট টাইটান্স। তবে শুরুতেই বেঙ্গালুরুর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে পড়ে তারা। ওপেনার শুভমান গিল ১০ রান এবং সাই সুদর্শন ১২ রান করে দ্রুত বিদায় নেন। মিডল অর্ডারে নিখিল সিন্ধু ২০ এবং জোস বাটলার ১৯ রান করলেও তা দলের বড় সংগ্রহের জন্য যথেষ্ট ছিল না। তবে শেষের দিকে ওয়াশিংটন সুন্দরের ৩৭ বলে দায়িত্বশীল ৫০ রান এবং আর্শাদ খানের ৬ বলে ১৫ রানের ঝোড়ো ইনিংসের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ করতে সক্ষম হয় গুজরাট।
বেঙ্গালুরুর বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন রাসুল সালাম। তিনি ৪ ওভারে মাত্র ২৭ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন। এছাড়া ভুবনেশ্বর কুমার ও জশ হ্যাজেলউড ২টি করে এবং ক্রুনাল পান্ডিয়া ১টি উইকেট লাভ করেন।
১৫৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বেঙ্গালুরুর শুরুটা দুর্দান্ত হয়েছিল। ওপেনার ভেঙ্কটেশ আয়ার মাত্র ১৬ বলে ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩২ রানের একটি ক্যামিও ইনিংস খেলে দলের জয়ের ভিত গড়ে দেন। তবে এরপর দেবদত্ত পারিক্কল (১), অধিনায়ক রজত পাতিদার (১৫) এবং ক্রুনাল পান্ডিয়া (১) দ্রুত বিদায় নিলে কিছুটা চাপে পড়ে বেঙ্গালুরু।
এক প্রান্ত আগলে রেখে দলের হাল ধরেন অভিজ্ঞ ভিরাট কোহলি। তিনি গুজরাটের বোলারদের ওপর চড়াও হয়ে ৯টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৪২ বলে ৭৫ রানের ম্যাচজয়ী এক অপরাজিত ইনিংস খেলেন। তাকে যোগ্য সঙ্গ দেন টিম ডেভিড (১৭ বলে ২৪ রান) এবং উইকেটরক্ষক জিতেশ শর্মা (১৪ বলে অপরাজিত ১১ রান)। শেষ পর্যন্ত ১৮ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬১ রান তুলে জয়ের বন্দরে পৌঁছে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
গুজরাটের বোলারদের মধ্যে রশিদ খান ৪ ওভারে ২৫ রান দিয়ে ২টি উইকেট নেন। এছাড়া মোহাম্মদ সিরাজ, কাগিসো রাবাদা এবং আর্শাদ খান ১টি করে উইকেট পেলেও তা বেঙ্গালুরুর জয় রথ থামাতে পারেনি। ১২ বল বাকি থাকতেই ৫ উইকেটের এক দুর্দান্ত জয় নিয়ে মাঠ ছাড়ে বেঙ্গালুরু।