ক্রীড়া ডেস্ক
ননি মাদুয়ে ফাউলে পেনাল্টির দাবি জানাতে দেখা যায় আর্সেনাল ডাগআউট কে ছবি: গেটি ইমেজেস স্পোর্ট
উত্তেজনাপূর্ণ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে আর্সেনালের। তবে এই হারকে কেবল মাঠের লড়াইয়ের পরাজয় হিসেবে দেখছেন না গানার্সদের সাবেক মিডফিল্ডার সামির নাসরি। তার দাবি, ম্যাচ অফিশিয়ালরা ইচ্ছাকৃতভাবে মিকেল আরতেতার দলকে ‘শাস্তি’ দিয়েছেন। ফরাসি এই তারকার মতে, প্রথমার্ধে আর্সেনালের কৌশল পছন্দ না হওয়ায় দ্বিতীয়ার্ধে রেফারি তাদের বিপক্ষে একের পর এক সিদ্ধান্ত নিয়েছেন।
‘টাইম-ওয়েস্টিং’ এর খেসারত দিল গানার্সরা?
বুদাপেস্টে অনুষ্ঠিত এই হাই-ভোল্টেজ ফাইনালের প্রথমার্ধে কাই হাভার্টজের গোলে লিড নেয় আর্সেনাল। লিড ধরে রাখতে তারা ডিফেন্সিভ ব্লক তৈরি করে এবং কিছুটা সময় নষ্ট (টাইম-ওয়েস্টিং) করার কৌশল বেছে নেয়। নাসরির মতে, আর্সেনালের এই আচরণেই চটে যান রেফারি।
ফরাসি টিভি চ্যানেল ‘কানাল প্লাস’-এর এক টকশোতে নাসরি বলেন,
“দ্বিতীয়ার্ধে রেফারি নিয়মতান্ত্রিকভাবে আর্সেনালের বিপক্ষে বাঁশি বাজিয়েছেন। প্রথমার্ধে তারা যে সময় নষ্ট করেছিল, রেফারি মূলত দ্বিতীয়ার্ধে তার প্রতিশোধ নিয়েছেন বা তাদের শাস্তি দিয়েছেন।”
নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে গ্যাব্রিয়েল মাগালাইসের স্পট-কিক মিসের কারণে শেষ পর্যন্ত ট্রফি হাতছাড়া হয় আর্সেনালের।
ম্যাচের অতিরিক্ত সময়ে সবচেয়ে বড় বিতর্কটি তৈরি হয়, যখন আর্সেনালের সাবস্টিটিউট খেলোয়াড় ননি মাদুয়েকে পিএসজির নুনো মেন্দেসের চ্যালেঞ্জে ডি-বক্সের ভেতর পড়ে যান। আর্সেনালের খেলোয়াড় ও সমর্থকরা পেনাল্টির জোরালো দাবি জানালেও রেফারি তাতে সাড়া দেননি।
এই বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে নাসরি অবশ্য কিছুটা নমনীয় সুর টেনেছেন। এটিকে পুরোপুরি রেফারির ভুল বা ‘স্ক্যান্ডাল’ বলতে নারাজ তিনি। নাসরি ব্যাখ্যা করেন,
“রেফারি যদি সেখানে পেনাল্টির বাঁশি বাজাতেন, তবে আমার মনে হয় না ভিএআর তা বাতিল করত। আবার তিনি যে পেনাল্টি দেননি, সেটিও কোনো স্ক্যান্ডাল বা মহা-অপরাধ নয়।”
তার মতে, ফাউলের ঘটনাটি এমন একটি ‘গ্রে এরিয়া’ বা ধূসর অঞ্চলে ছিল, যেখানে রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত এবং এটি সম্পূর্ণ তার ব্যক্তিগত বিবেচনার বিষয়।
খেলায় রেফারির কিছু সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন থাকলেও, শেষ পর্যন্ত টাইব্রেকারের ভাগ্য পরীক্ষায় জিতে চ্যাম্পিয়ন্স লিগের অধরা ট্রফিটি নিজেদের শোকেসেই তুলল পিএসজি।