কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রতারক চক্রের খপ্পরে পড়ে অচেতন শিশু সিয়াম। ছবি: ধ্রুব নিউজ
১২ বছরের শিশুর ইজিবাইক ছিনতায় করেছে একটি প্রতারক চক্র। আজ (২৩ মে) ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জনতা মোড়ে প্রতারণার স্বীকার হয়ে পরিবারের একমাত্র জীবিকার উৎস ইজিবাইকটি হারায় সে।
তিন মাস আগেও যে সংসারে সুখের আলো ছিল, আজ সেখানে শুধুই অন্ধকারের আমাবশ্যা। ঝিনাইদহের পাগলাকানাই এলাকার জাকির হোসেন পেশায় ছিলেন একজন ইজিবাইক চালক। সেই আয়েই চলতো চার সদস্যের অভাবের সংসার। কিন্তু মাত্র তিন মাস আগে হঠাৎ এক স্ট্রোক কেড়ে নেয় জাকির হোসেনের স্বাভাবিক জীবন। প্যারালাইজড হয়ে বিছানায় শয্যাশায়ী তিনি। কথা বলার শক্তি নেই, নেই উঠে দাঁড়ানোর ক্ষমতা।
বাবার আকস্মিক এই অসুস্থতায় অথৈ সাগরে পড়ে পুরো পরিবার। একদিকে চিকিৎসার খরচ, অন্যদিকে দু'মুঠো ভাতের হাহাকার। এমন পরিস্থিতিতে পড়ার টেবিল ছেড়ে, খেলার মাঠ ভুলে মাত্র ১২ বছর বয়সেই সংসারের হাল ধরতে বাধ্য হয় ছোট্ট শিশু সিয়াম। বাবার সেই চিরচেনা ইজিবাইকের স্টিয়ারিং শক্ত হাতে চেপে ধরে সে। প্রতিদিন সকাল থেকে রোদ মাড়িয়ে রাস্তায় নামতো সিয়াম, শুধু একটাই লক্ষ্য—দিনশেষে অসুস্থ বাবার মুখে একটু পথ্য আর মায়ের হাতে সংসারের চাল-ডালের টাকা তুলে দেওয়া।
কিন্তু নিয়তির কি নিষ্ঠুর পরিহাস! সেই শেষ সম্বলটুকুও কেড়ে নিল একদল পাষণ্ড প্রতারক। আজ (২৩ মে) ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জনতা মোড়ে প্রতারণার শিকার হয় শিশু সিয়াম।
চোখের জল মুছতে মুছতে অবুঝ শিশু সিয়াম জানায়, কয়েকজন যাত্রী নিয়ে সে কালীগঞ্জ জনতা মোড়ে আসে। সেখানে পৌঁছানোর পর প্রতারক চক্রের সদস্যরা প্রচণ্ড গরমের অজুহাতে তাকে ঠান্ডা পানি খাওয়ানোর নাম করে ইজিবাইক থেকে নামায়। সরল মনে সিয়াম তাদের কথা বিশ্বাস করতেই মুহূর্তের মধ্যে তাকে অচেতন করে ইজিবাইকটি নিয়ে চম্পট দেয় প্রতারকরা।
জনতা মোড়ে দাঁড়িয়ে যখন সিয়াম বুঝতে পারে তার জীবিকার একমাত্র মাধ্যমটি অভিনব কায়দায় ছিনতায় হয়ে গেছে, তখন তার চারপাশ অন্ধকার হয়ে আসে। কান্নায় ভেঙে পড়ে ১২ বছরের এই শিশু। তার বুকফাটা আর্তনাদে ভারী হয়ে ওঠে চারপাশের বাতাস।
সিয়ামের মা কাঁদতে কাঁদতে বলেন, "আমার স্বামী বিছানায় পঙ্গু হয়ে পইড়ে আছে। এই ইজিবাইক চালিয়েই ছোট ছেলেটা আমাদের সংসারের হাল ধরে রেখেছিল। এখন আমরা কী খাবো? ওর বাবার ডাক্তার দেখাবো ক্যামনে? চোরেরা শুধু গাড়ি নেয়নি, আমাদের বেঁচে থাকার রাস্তাও বন্ধ করে দিয়ে গেছে।"
একটি ১২ বছরের শিশুর কাঁধে যেখানে বইয়ের ব্যাগ থাকার কথা, সেখানে সে লড়ছিল জীবনের কঠিনতম যুদ্ধ। আর সেই যুদ্ধের একমাত্র হাতিয়ার ইজিবাইকটি হারিয়ে সিয়াম ও তার পরিবার এখন সম্পূর্ণ নিঃস্ব।
প্যারালাইজড বাবা আর নিরুপায় এই পরিবারের মুখে দু'মুঠো অন্ন জোগাতে এবং সিয়ামকে আবার নিজ পায়ে দাঁড়াতে সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের প্রতি সাহায্যের হাত বাড়ানোর আকুল আবেদন জানানো হয়েছে। সমাজের বিত্তবানের সামান্য সহানুভূতি বেঁচে থাকার নতুন আলো দেখাতে পারে এই অসহায় পরিবারটি।
ধ্রুব/এস.আই