❒ অভয়নগর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা
অভয়নগর প্রতিনিধি
অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে আজ অভয়নগর উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। ছবি: ধ্রুব নিউজ
যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. গোলাম রসুল। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ডা. আলিমুর রাজিবের সার্বিক ব্যবস্থাপনায় সভাটি পরিচালনা করেন আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহফুজুর রহমান সবুজ।
সভায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ২০২৫-২৬ অর্থবছরে স্বাস্থ্য অধিদপ্তরের আওতায় সম্পন্ন বিভিন্ন কার্যক্রম, কমিউনিটি ক্লিনিক, সাব-সেন্টার ফ্যাসিলিটি এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আওতাধীন বিভিন্ন আয়-ব্যয়ের তথ্য পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বিশদভাবে উপস্থাপন করেন।
সভাপতির বক্তব্যে এমপি অধ্যাপক মো. গোলাম রসুল বলেন, ইউনিয়ন পর্যায়ের কমিউনিটি ক্লিনিক ও পরিবার পরিকল্পনা কেন্দ্রগুলো পূর্ণাঙ্গভাবে চালু করা গেলে সাধারণ মানুষের ভোগান্তি অনেকাংশে কমে আসবে। স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতা দূর করতে আমরা আন্তরিকভাবে কাজ করছি এবং এ ক্ষেত্রে আন্তরিকতার কোনো ঘাটতি থাকবে না ইনশাআল্লাহ।
তিনি ঠিকাদার ও সংশ্লিষ্টদের উদ্দেশে আরও বলেন, হাসপাতালের সংস্কার কাজে যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন, তারা যেন আল্লাহভীতি ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেন। গাইনি ও সার্জারি কনসালটেন্ট না থাকার বিষয়টি আমার নজরে এসেছে। এ বিষয়ে দ্রুত সিভিল সার্জনের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া হাসপাতালের রোগীদের খাবারের মান ঠিক রাখার বিষয়েও সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
উন্মুক্ত আলোচনায় হাসপাতালের বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার বিষয় উঠে আসে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— তীব্র শয্যা সংকট, ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ, অবকাঠামোগত ত্রুটি এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীর সংকট।
পাশাপাশি কমিউনিটি ক্লিনিকে চিকিৎসক ও ওষুধের স্বল্পতা এবং টিকা সরবরাহে ঘাটতির বিষয়টি আলোচনায় আসে। বিশেষ করে র্যাবিস ভ্যাকসিন (জলাতঙ্কের টিকা), হামসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ টিকার চাহিদার তুলনায় সরবরাহ কম থাকার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।
সমন্বয় সভায় উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটিতে নতুন করে চারজন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়। নতুন অন্তর্ভুক্ত সদস্যরা হলেন— উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি গোলাম মোস্তফা, সাবেক শিবিরনেতা এম এম আশিকুজ্জামান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রিয়াদ হোসেন এবং স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম, পৌর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আলতাফ হোসাইন, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, মেডিকেল অফিসার মাহমুদা সুলতানা মনি, ডা. মো. ইকবাল হোসেন, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী ইব্রাহীম খলিল ফারুকীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও নেতৃবৃন্দ।