Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ১০ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

অভয়নগরে ট্রেনের ধাক্কায় কয়লাবাহী ট্রাকের চালক নিহত

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ১০ মে,২০২৬, ০৩:০০ পিএম
অভয়নগরে ট্রেনের ধাক্কায় কয়লাবাহী ট্রাকের চালক নিহত

অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় কয়লাবাহী একটি ট্রাক দুমড়েমুচড়ে মনোয়ার হোসেন (৪০) নামে এক চালক নিহত হয়েছেন। ছবি: ধ্রুব নিউজ

যশোরের অভয়নগরে অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় কয়লাবাহী একটি ট্রাক দুমড়েমুচড়ে মনোয়ার হোসেন (৪০) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের হেলপার রায়হান গুরুতর আহত হয়েছেন। রোববার (১০ মে) দুপুরে উপজেলার ভাঙ্গাগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মনোয়ার হোসেন ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার মোহাম্মদ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মেট্রো ট-১৮-৭৮৩৬ নম্বরের একটি কয়লাবাহী ট্রাক ভাঙ্গাগেট এলাকার আকিজ এসেনশিয়ালসের ডিপোর দিকে যাচ্ছিল। এসময় অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় রাজশাহীগামী মহানন্দা মেইল ট্রেন ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় ট্রাকটি রেললাইনের পাশের জমিতে ছিটকে পড়ে দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে আহত হেলপার রায়হানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, ভাঙ্গাগেট রেলক্রসিংটি দীর্ঘদিন ধরে অরক্ষিত অবস্থায় থাকলেও সেখানে কোনো গেটম্যান বা সংকেত ব্যবস্থা নেই। ইতিপূর্বে একাধিকবার দুর্ঘটনার ঝুঁকি নিয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। দুর্ঘটনার খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর কিছু সময় ট্রেন চলাচল ব্যাহত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এদিকে, অবিলম্বে এই ক্রসিংয়ে গেটম্যান নিয়োগ ও স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)