আন্তর্জাতিক ডেস্ক
ভারতের পাঁচটি রাজ্যের বিধানসভা ভোটের ফলাফল ঘোষণা হচ্ছে । এর মধ্যে বাংলাদেশের পার্শ্ববর্তী দু’টি রাজ্য- পশ্চিমবঙ্গ ও আসামও রয়েছে।
সোমবার (৪ মে) রাতে সর্বশেষ প্রাপ্ত ফলাফল অনুযায়ী- উভয়টিতেই সরকার গঠন করতে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
রাত ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ভোট অনুষ্ঠিত হওয়া পশ্চিমবঙ্গের ২৯৩টি আসনের মধ্যে ২০২টিতে নিশ্চিত জয় পাচ্ছে বিজেপি। আর বর্তমান ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস আছে দ্বিতীয় অবস্থানে; তারা জয় পেয়েছে ৭৩টি আসনে। এখানে সরকার গঠন করতে দরকার ১৪৮টি আসন।
আর আসামের মোট ১২৬টি আসনের সবক’টি আসনেই ভোট অনুষ্ঠিত হয়েছে। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী ১০২টি আসনে এগিয়ে আছে বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) জোট। জোটটি চূড়ান্ত জয় পেয়েছে ১০০টি আসনে এবং এগিয়ে আছে ২টি আসনে।
এ রাজ্যে দ্বিতীয় অবস্থানে আছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস (আইএনসি) ও তার মিত্ররা। তারা মোট ২১টি আসনে এগিয়ে আছে। কংগ্রেসের চূড়ান্ত জয় ১৪টি আসনে, এবং ৭টি আসনে তারা এগিয়ে আছে। এখানে সরকার গঠন করতে লাগবে ৬৪টি আসন।
তামিলনাড়ু রাজ্যে এবার চমক দেখিয়েছে অভিনেতা থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন নতুন দল তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে)। রাজ্যের মোট ২৩৪ আসনের মধ্যে টিভিকে এগিয়ে আছে ১০৫ আসনে। দলটি নিশ্চিত জয় পেয়েছে ৭০টিতে, আর জয়ের দ্বারপ্রান্তে ৩৫টি আসনে। সরকার গঠন করতে তাদের দরকার ১১৮টি আসন।
এ রাজ্যে দ্বিতীয় অবস্থানে আছে দ্রাভিডা মুন্নেত্রা কাজাগাম (ডিএমকে) ও ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস (আইএনসি) নির্বাচনী জোট। তারা মোট ৭০ আসনে এগিয়ে আছে। চূড়ান্ত জয় পেয়েছে ৪২টি আসনে এবং ২৮টি আসনে জয়ের দ্বারপ্রান্তে।
আর তৃতীয় অবস্থানে আছে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) জোট। তারা এগিয়ে আছে ৫৬টি আসনে। তাদের চূড়ান্ত বিজয় হয়েছে ২৯টি আসনে এবং জয়ের অপেক্ষা ২৭ আসনে। এই রাজ্যে সরকার গঠনের জন্য দরকার ১১৮টি আসন।
কেরালায় সরকার গঠন করতে যাচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস (আইএনসি) নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউডিএফ) জোট। রাজ্যের মোট ১৪০ আসনের মধ্যে এই জোট এগিয়ে আছে ১০১ আসনে। তাদের চূড়ান্ত জয় ১০০টিতে এবং ১টিতে জয়ের দ্বারপ্রান্তে রয়েছে।
আর দ্বিতীয় অবস্থানে আছে বামপন্থী রাজনৈতিক জোট লেফট ডেমোক্রেটিক ফ্রন্ট (এলডিএফ)। তারা এ পর্যন্ত ৩৫টি আসনে জয় পেয়েছে। এই রাজ্যে সরকার গঠন করতে লাগবে ৭১টি আসন।
আর পদুচেরির মোট ৩০টি আসনের সবক’টিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ প্রাপ্ত ফলাফল অনুযায়ী- এখানে সরকার গঠন করতে যাচ্ছে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) জোট। বিজেপি এই জোটের শরীক দল। এখন পর্যন্ত তারা ১৭টি আসনে এগিয়ে রয়েছে এবং চূড়ান্ত জয় পেয়েছে ১৬টিতে, এবং জয়ের দ্বারপ্রান্তে ১টি আসনে। এই রাজ্যে ১৬টি আসন পেলেই সরকার গঠন করা যাবে, এরই মধ্যে যা অর্জন করে নিয়েছে এনডিএ জোট।
রাজ্যটিতে দ্বিতীয় অবস্থানে আছে দ্রাভিডা মুন্নেত্রা কাজাগাম (ডিএমকে), ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস (আইএনসি) ও তাদের শরীকরা। তারা এখন পর্যন্ত ৬টি আসনে জয় পেয়েছে। আর ৭টি আসনে জয় পেয়েছেন অন্যান্য একাধিক দলের প্রার্থীরা। এ রাজ্যে সরকার গঠন করতে প্রয়োজন ১৬টি আসন।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া ও হিন্দুস্তান টাইমস