নিজস্ব প্রতিবেদক
সাবেক প্রতিমন্ত্রী ও ৫ সাবেক এমপিসহ ৪০ জনের নামে মামলা ছবি: ধ্রুব নিউজ
রাতের আঁধারে মোমবাতি ও হারিকেন জ্বালিয়ে নিষিদ্ধ সংগঠনের ব্যানারে ‘চোরগুপ্তা’ মিছিল করে বড় ধরনের আইনি সংকটে পড়েছেন যশোর আওয়ামী লীগের শীর্ষ নেতারা। সরকারবিরোধী স্লোগান ও দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী, পাঁচ সাবেক সংসদ সদস্য, মেয়র ও উপজেলা চেয়ারম্যানসহ ৪০ জন নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। এই ঘটনায় জড়িত অভিযোগে ৯ জনকে গ্রেপ্তার করে ইতিমধ্যে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) যশোর কোতোয়ালি থানার এসআই আশরাফ উদ্দিন বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। মামলায় ৪০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৮০ থেকে ১০০ জনকে আসামি করা হয়েছে।
যশোর-৬ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, যশোর-৫ আসনের সাবেক এমপি ও সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, যশোর-৪ আসনের সাবেক এমপি রণজিৎ রায়, যশোর-২ আসনের সাবেক এমপি অ্যাডভোকেট মনিরুল ইসলাম, যশোর-৩ আসনের সাবেক এমপি কাজী নাবিল আহমেদ এবং যশোর-৫ আসনের সাবেক এমপি ইয়াকুব আলী।
এছাড়াও আসামির তালিকায় রয়েছেন যশোর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফন্টু চাকলাদার, যশোর পৌরসভার সাবেক মেয়র জহিরুল ইসলাম রেন্টু চাকলাদার, সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের ছেলে শুভ ভট্টাচার্য, সাবেক এমপি রণজিৎ রায়ের ছেলে রাজীব রায় এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপুসহ জেলা যুবলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৮ এপ্রিল সন্ধ্যায় সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শহরের আজিজ সিটি রোডে একত্রিত হয়। সেখানে তারা মোমবাতি ও হারিকেন জ্বালিয়ে সরকারবিরোধী স্লোগান দিতে থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আসামিরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, আসামিদের মধ্যে প্রথম ১৩ জন এই নিষিদ্ধ সংগঠনের ‘গডফাদার’ ও অর্থ জোগানদাতা। বাকিরা সক্রিয় সদস্য হিসেবে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত।
মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার রাত ও বৃহস্পতিবার দিনভর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— কাজীপাড়ার সৈয়দ তৌফিক জাহান ও শফিকুল ইসলাম সুজন, বাবলু শেখ, সোহান হোসেন, আনোয়ার হোসেন বাবু, মনিরুল ইসলাম, সুমন, ইমন এবং শাহাজাহান।
যশোর কোতোয়ালি থানার ওসি মাসুম খান জানান, নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিলের ঘটনায় দায়েরকৃত মামলায় এই ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাঁদের আদালতে সোপর্দ করা হলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার বাকি আসামিদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।